রেকর্ডভাঙা অর্জন ও সংগীতের বৈচিত্র্যে ভরা ৬৮তম গ্র্যামি
কেনড্রিল লামার, বিলি আইলিশ ও ব্যাড বান্নি। ছবি: কোলাজ
মীর সামী
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৪
বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তারকাবহুল এই আয়োজন ঘিরে ছিল প্রত্যাশা, রেকর্ড ভাঙার উত্তেজনা আর নতুন ইতিহাস রচনার অপেক্ষা। জমকালো পরিবেশনা, আলো-ছায়ার মুগ্ধকর ব্যবহার ও আবেগঘন বক্তৃতায় এবারের গ্র্যামি হয়ে উঠেছে স্মরণীয়। বিশেষ করে লাতিন ও হিপ-হপ সংগীতের উত্থানের জন্য।
ব্যাড বান্নির ঐতিহাসিক জয়
এবারের গ্র্যামির সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি তৈরি করেন লাতিন র্যাপ তারকা ব্যাড বানি। তার ‘দেবি তিরার মাস ফতোস’ অ্যালবামের জন্য তিনি জিতে নিয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। গ্র্যামির ইতিহাসে এই প্রথম কোনো স্প্যানিশ ভাষার অ্যালবাম পেল এই স্বীকৃতি। ৩১ বছর বয়সী পুয়ের্তো রিকান এই শিল্পী এবারের আসরে মোট তিনটি গ্র্যামি জিতেছেন। আবেগঘন বক্তৃতায় তিনি এই পুরস্কার উৎসর্গ করেন স্বপ্নের টানে দেশ ছেড়ে আসা মানুষদের প্রতি; যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কেনড্রিক লামারের রাজত্ব
গ্র্যামির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছেন মার্কিন র্যাতপ তারকা কেনড্রিক লামার। এবারের আসরে পাঁচটি গ্র্যামি জিতে তিনি ভেঙে দিয়েছেন হিপ-হপ শিল্পীদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এতদিন এই কৃতিত্ব ছিল র্যাপ পার জে-জির, যার মোট গ্র্যামি ছিল ২৫টি। কেনড্রিক লামার এখন মোট ২৭টি গ্র্যামি জয় করে এককভাবে অবস্থান করছেন শীর্ষে। হিপ-হপ সংগীতের ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক।
বছরের সেরা গান ও নতুন তারকা
এবারের গ্র্যামিতে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে বিলি আইলিশ ও তাঁর ভাই ফিনিয়াসের লেখা ও সুর করা গান ‘ওয়াইল্ডফ্লাওয়ার’। এই জয়ের মধ্য দিয়ে তারা আবারও প্রমাণ করলেন, সমসাময়িক পপসংগীতে তাদের সৃজনশীল জুটি কতটা প্রভাবশালী। গ্র্যামির এই মর্যাদাপূর্ণ বিভাগে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে ‘বেস্ট নিউ আর্টিস্ট’ হিসেবে গ্র্যামির মঞ্চে নতুন আলো ছড়ালেন ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন। সংবেদনশীল কণ্ঠ, আধুনিক আরঅ্যান্ডবি ও পপ ঘরানায় নিজস্ব ভঙ্গি এবং পরিণত গায়কি তাঁকে এই স্বীকৃতির যোগ্য করে তুলেছে।
কেপপের প্রথম গ্র্যামি
বিশ্বসংগীতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে কেপপ। নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’-এর গান ‘গোল্ডেন’ জিতেছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। গ্র্যামির দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো কেপপ গান এই বিভাগে পুরস্কৃত হলো। এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বসংগীতের মূলধারায় কেপপের অবস্থান আরও দৃঢ় হলো। এদিকে গ্র্যামিতে যুক্ত হওয়া নতুন বিভাগ ‘সেরা অ্যালবাম প্রচ্ছদ’-এ পুরস্কার জিতেছে টাইলার, দ্য ক্রিয়েটর-এর অ্যালবাম ‘ক্রোমাকোপিয়া’। সংগীতের পাশাপাশি ভিজ্যুয়াল উপস্থাপনাকেও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগে তাঁর জয় আলাদা করে নজর কাড়ে।
পপ, ড্যান্স আর লেডি গাগার দাপট
৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে পপ ও ড্যান্স সংগীতের বিভাগে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করেছেন আমেরিকান পপ আইকন লেডি গাগা। তার অ্যালবাম ‘মেহেম’ জিতেছে ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার। অ্যালবামের জনপ্রিয় গান ‘আবরাকাডাবরা’ জিতেছে ‘সেরা ড্যান্স-পপ রেকর্ডিং’ এবং ‘সেরা রিমিক্সড রেকর্ডিং’ এই দুটি বিভাগেই। শক্তিশালী প্রোডাকশন ও নৃত্যনির্ভর বিটের সঙ্গে গাগার স্বতন্ত্র ভোকাল স্টাইল গানটিকে এনে দিয়েছে এই সাফল্য।
স্পিলবার্গের ইজিওটি পূর্ণতা
এবারের গ্র্যামিতে ‘সেরা মিউজিক ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হয়েছে তথ্যচিত্র ‘জন উইলিয়ামস’। এই ছবির প্রযোজকদের একজন কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। এই জয়ের মধ্য দিয়ে তিনি পূর্ণ করলেন বহুল আলোচিত ‘ইজিওটি’-অস্কার, গ্র্যামি, এমি ও টনি। ইতিহাসে মাত্র ২২তম ব্যক্তি হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি।
ইতিহাস গড়লেন দালাই লামা
গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছেন তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা। ‘বেস্ট অডিওবুক ন্যারেশন’ বিভাগে প্রথমবারের মতো গ্র্যামি জিতেছেন তিনি। তার অডিও অ্যালবাম ‘ম্যাডিটেশন: দ্য রিফলেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা’র জন্য এই সম্মাননা দেওয়া হয়। ৯০ বছর বয়সী দালাই লামার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী ও গীতিকার রুফাস ওয়েনরাইট। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় দালাই লামা এই স্বীকৃতিকে কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে গ্রহণ করেন।
সিনেমার সংগীতেও সাফল্য
অস্কারে সর্বাধিক মনোনয়ন পাওয়া সিনেমা ‘সিনার্স’ গ্র্যামির মঞ্চেও সাফল্যের ছাপ রেখেছে। ছবিটি জিতেছে ‘সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক’ ও ‘সেরা আবহসংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া)’ এই দুটি বিভাগে। এই জয় প্রমাণ করে, সিনেমাটির সংগীত ও আবহ নির্মাণেও ছিল সমান দক্ষতা ও নান্দনিকতা।
শেষ কথা
রেকর্ডিং অ্যাকাডেমির আয়োজনে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম অ্যারেনায় অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠান। টানা ষষ্ঠ ও শেষবারের মতো এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন কমেডিয়ান ট্রেভর নোয়া। নতুন ইতিহাস, রেকর্ডভাঙা অর্জন আর সংগীতের বৈচিত্র্যে ভরা এই আসর প্রমাণ করেছে– গ্র্যামি এখন শুধু পুরস্কারের মঞ্চ নয়; বরং বিশ্বসংগীতের পরিবর্তনশীল মানচিত্রের এক প্রতিচ্ছবি।
- বিষয় :
- গ্র্যামি অ্যাওয়ার্ডস
- সংগীত
