চার মাসের ব্যস্ততা শেষে ফের অভিনয়ে ফেরার প্রস্তুতি
আইশা খান। ছবি: ফেসবুক
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০১
সুন্দর বাচনভঙ্গি, অভিনয়, ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই দর্শক-ভক্তের হৃদয় জয় করেছেন আইশা খান। বাংলাদেশের লোকসংগীতকে কেন্দ্র করে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা আয়োজনের উপস্থাপনা শেষ করেছেন তিনি। চার মাসের টানা ব্যস্ততা শেষে যখন শো-এর পঞ্চম আসরের পর্দা নামে, তখন সেটি শুধু একটি রিয়েলিটি শোর সমাপ্তি নয় এটি তাঁর ক্যারিয়ারেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি।
উপস্থাপক হিসেবে তাঁর জন্য এটি ছিল দীর্ঘতম ও সবচেয়ে বড় দায়িত্বের একটি। লোকগানের মতো গভীর শিকড়ের সাংস্কৃতিক আয়োজনকে সামনে রেখে টানা ক্যাম্পে থাকা, দেশজুড়ে অডিশন, বিচারপর্ব আর লাইভ শো সব মিলিয়ে এক ধরনের শৃঙ্খলাবদ্ধ ছিল এই যাত্রা।
দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিল্পীদের জন্য এই বিশাল প্ল্যাটফর্মের উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের লোকসংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র দীর্ঘ সফর শেষ করে আমি সত্যিই অভিজ্ঞতায় সমৃদ্ধ। এর আগে নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও এত বড় পরিসরের আয়োজনের দায়িত্ব এটাই প্রথম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণ আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আমি নিজে গানের মানুষ না হলেও, এই অনুষ্ঠানের মাধ্যমে গান ও সংগীত জগতকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। গুণী শিল্পীদের সঙ্গে প্রতিদিনের মেলামেশা আমার শেখার পরিধি বাড়িয়েছে। দর্শকদের ইতিবাচক সাড়া আমাকে অনুপ্রাণিত করেছে। নিঃসন্দেহে এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে এক নতুন মাত্রা বলে আমি মনে করি।’

মাছরাঙা টেলিভিশনের এই জনপ্রিয় রিয়েলিটি শোটি শেষ করেই আইশা খান আবার ফিরছেন চেনা পথের বাঁকে। এনটিভির বিনোদনমূলক অনুষ্ঠান ‘রাতের আড্ডা’র উপস্থাপনায় তাঁকে দেখা যাবে নতুন করে। উপস্থাপনায় তাঁর সাবলীলতা নতুন নয়, তবে প্রতিটি অনুষ্ঠানেই তিনি চেষ্টা করেন আলাদা করে নিজের উপস্থিতি জানান দিতে।
‘ম্যাজিক বাউলিয়ানা’ তাঁকে দিয়েছে বড় ক্যানভাসে কাজ করার অভিজ্ঞতা, যা তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। শুধু উপস্থাপনাই নয়, অভিনয়েও ব্যস্ততা রয়েছে আইশার। টানা ক্যাম্প লাইফের কারণে কিছু সময় নাটক থেকে দূরে থাকলেও, এক ফাঁকে সময় বের করে দুটো নাটকে অভিনয় করেছেন তিনি। ‘আমি একজন খুনি বলছি’ এবং ‘হৃদয়ে তুমি’ নাটক দুটি ঈদের জন্য নির্মিত হয়েছে। চলতি মাসের শেষের দিকে আবার অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা তাঁর।
বড় পর্দাতেও থেমে নেই পথচলা। সম্প্রতি শেষ করেছেন তৃতীয় সিনেমা ‘শেকড়’-এর কাজ। প্রসূন রহমান পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার বিশ্ব প্রিমিয়ার হয়েছে কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)-তে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিদেশে ছবির প্রিমিয়ার হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইশা।

পাশাপাশি ‘সংবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিংও এগোচ্ছে। একসময় নাটকে নিয়মিত মুখ হলেও এখন ছোট পর্দায় তাঁর উপস্থিতি তুলনামূলক কম। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একই ধাঁচের গল্পে কাজ করতে ভালো লাগে না। ওটিটির ক্ষেত্রেও প্রথম দিকে বেশ কিছু প্রস্তাব এলেও পরে মনের মতো গল্প আর পাইনি। এ কারণে দর্শক হয়তো আমাকে কম দেখছেন। আমি সব সময় ভালো গল্প আর চরিত্রের অপেক্ষায় থাকি।’
কাজের বাইরের জীবনেও আইশা খান বেশ স্পষ্ট। গুঞ্জন বা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেয়ে তিনি বরাবরই কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে আগ্রহী।
ভ্রমণ তার জীবনে ‘হাওয়া বদল’-এর নাম। ‘ম্যাজিক বাউলিয়ানা’র শুটিং শেষের আগের ছোট্ট ছুটিতে ব্যাংকক ভ্রমণ ছিল তাঁর জন্য নতুন বছরের নতুন অভিজ্ঞতা। শহরের মধ্যেই থেকেছেন, নিজের মতো করে সময় কাটিয়েছেন কাজের চাপ থেকে সাময়িক মুক্তি নিতে। চেনা পথেই হাঁটছেন আইশা খান, তবে প্রতিটি বাঁকে নিজেকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার চেষ্টা নিয়েই। উপস্থাপনা, অভিনয় কিংবা অবস্থান– সব মিলিয়ে তাঁর যাত্রা এখনও চলমান।
