ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘শিল্পীরা নিজে সম্মানটা নিতে পারলে খুশি হন, বাচ্চু দুর্ভাগা তাই পায়নি’

‘শিল্পীরা নিজে সম্মানটা নিতে পারলে খুশি হন, বাচ্চু দুর্ভাগা তাই পায়নি’
×

প্রয়াত আইয়ুব বাচ্চুর সঙ্গে স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:২৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৪

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় তাঁর নাম ঘোষণার খবরে আবেগে ভেঙে পড়েছেন গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

একুশে পদকের জন্য আইয়ুব বাচ্চু, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও সাংবাদিক শফিক রেহমানসহ মোট ১০ জন মনোনীত হওয়ার তথ্য প্রকাশের পর  তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন  চন্দনা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘খবরটা শোনার পর আমার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারণ যার নেওয়ার জিনিস, সে তো আর নেই। নিজের হাতে সম্মানটা নিতে পারা একটা বিশাল ব্যাপার। দোয়া করবেন ওর জন্য—যেন ওপর থেকে দেখতে পায়।’

গায়কপত্নীর কথায়, একুশে পদক আইয়ুব বাচ্চুর প্রাপ্যই ছিল। তবে জীবদ্দশায় সেই সম্মান নিজ হাতে না নিতে পারার আক্ষেপ রয়ে গেছে বলেও জানান তিনি। চন্দনা বলেন, ‘শিল্পীরা নিজের হাতে সম্মানটা নিতে পারলে সবচেয়ে বেশি খুশি হন। বাচ্চু হয়তো দুর্ভাগা মানুষ, তাই সেটা পায়নি। তবে মৃত্যুর পর হলেও তাকে সম্মানিত করায় সরকারকে অনেক ধন্যবাদ।’

জীবদ্দশায় রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আইয়ুব বাচ্চুর কিছু আক্ষেপ ছিল—এ কথাও স্বীকার করেন চন্দনা। তবে সে প্রসঙ্গে আর বিস্তারিত কথা বলতে চাননি তিনি। শুধু বলেন, ‘একটি পদক একজন শিল্পীকে আরও দুই কদম এগিয়ে দেয়। ওরও আক্ষেপ ছিল, মাঝে মাঝে এসব নিয়ে বলত। কিন্তু এখন সেসব নিয়ে কথা বলতে চাই না। চলে যাওয়ার পর হলেও পেয়েছে—অনেকে তো সেটুকুও পায় না।’

আরও পড়ুন

×