সাইফ-অমৃতার বিচ্ছেদে কেন দ্বিগুণ বঞ্চিত হন শর্মিলা, ব্যাখ্যা দিলেন নিজেই
অমৃতা সিং, সাইফ আলি খান ও শর্মিলা ঠাকুর। ছবি: কোলাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৪১
বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর আগেও একাধিকবার জানিয়েছেন, ছেলে সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বিচ্ছেদের সময়টা ছিল পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন। সেই সময় সন্তানদের কাছ থেকে দূরে থাকতে হওয়ায় নিজেকে তিনি ‘দ্বিগুণ বঞ্চিত’ মনে করেছিলেন।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এর অষ্টম আসরে ছেলে সাইফ আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসেন শর্মিলা ঠাকুর। সেখানেই উঠে আসে সাইফ–অমৃতার বিয়ে ও বিচ্ছেদের নানা অজানা গল্প।
অনুষ্ঠানে করণ জোহর বলেন, সাইফের জীবনে এমন একটি সময় এসেছিল, যখন তিনি অমৃতা সিংয়ের বাড়িতে যাওয়া শুরু করেন এবং কার্যত সেখানেই থেকে যান। বিয়ের খবরটিও পরিবার হঠাৎ করেই জানতে পারে।
সেই সময়ের কথা স্মরণ করে শর্মিলা ঠাকুর বলেন, “আমি তখন মুম্বাইয়ে অন্য একটি কাজে গিয়েছিলাম। সাইফ আমার সঙ্গে দেখা করে জানায়, তার কিছু বলার আছে। বিয়ের কথা শোনার পর আমি চুপ করে যাই। ও বলেছিল, ‘আম্মা, তুমি চুপ হয়ে গেছ, তোমার মুখের রং বদলে যাচ্ছে।’ আমি বলেছিলাম, পরে কথা হবে।”
তিনি জানান, এরপর তিনি স্বামী মনসুর আলি খান পতৌদিকে (টাইগার) ফোন করেছিলেন। ফোনের ওপার থেকে দীর্ঘ নীরবতা এসেছিল। পরে অমৃতা সিংয়ের সঙ্গে চা–এ দেখা হলেও সেই ধাক্কা তখনও কাটেনি।
নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে সাইফ আলি খান বলেন, “ওটা অনেকটা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো ছিল। আমি তখন নিরাপত্তা আর ঘরের অনুভূতি খুঁজছিলাম। মনে হয়েছিল, এখানেই একটা পরিবার গড়া সম্ভব।”
শর্মিলা ঠাকুর বলেন, সাইফ ও অমৃতার মধ্যে অনেক মিল ছিল। দু’জনেই হাস্যরসপ্রিয়, গল্প বলা ও নকল করতে পারদর্শী ছিলেন। একসঙ্গে থাকলে চারপাশে আনন্দে ভরে উঠত।
১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ হয়। সেই সময়ের কথা স্মরণ করে শর্মিলা ঠাকুর বলেন, “এত বছরের সম্পর্ক আর সুন্দর সন্তান থাকলে কোনো বিচ্ছেদই সহজ হয় না। সবাই আহত থাকে।”
তিনি জানান, বিচ্ছেদের পর সবচেয়ে কষ্টের বিষয় ছিল নাতি-নাতনিদের কাছ থেকে দূরে থাকা। শর্মিলা বলেন, “ইব্রাহিম তখন মাত্র তিন বছরের ছিল। টাইগার ওকে ভীষণ ভালোবাসত। সে সময় আমরা ওর সঙ্গে থাকতে পারিনি। অমৃতাকেও হারালাম, আবার দুই শিশুকেও হারালাম-তাই নিজেকে দ্বিগুণ বঞ্চিত মনে হয়েছিল।”
তবে শর্মিলা ঠাকুর জানান, সময়ের সঙ্গে সব ক্ষতই কিছুটা সেরে ওঠে। সবই এখন অতীত। সবারই একটু সময় দরকার ছিল শান্ত হওয়ার।
উল্লেখ্য, ১৯৯১ সালে সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিয়ে হয়। তাদের দুই সন্তান-সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। পরবর্তীতে সাইফ আলি খান বিয়ে করেন কারিনা কাপুর খানকে। তাদের দুই ছেলে-তৈমুর ও জাহাঙ্গীর (জেহ)। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- অমৃতা সিং
- সাইফ আলি খান
- শর্মিলা ঠাকুর
