ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমার ভাষার চলচ্চিত্র উৎসব

হীরালাল সেন পদক পেল ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

হীরালাল সেন পদক পেল ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
×

পদক গ্রহণ করছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার শিল্পী-কলাকুশলীরা। ছবি: নির্মাতার সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে (ডিইউএফএস) হীরালাল সেন পদক ১৪৩২ পেয়েছে নির্মাতা মনিরুল হক আকাশের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সিনেমাটি সেরা চিত্র‍্যনাট্য পুরস্কারও লাভ করেছে। রোববার সন্ধ্যায় এই পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবেরও পর্দা নামে।

গত ৩ ফেব্রুয়ারি ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছয় দিনের এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল। উৎসবে নতুন-পুরোনো মিলিয়ে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়।

রোববার সমাপনী সন্ধ্যায় আকাশ হক এর হাতে হীরালাল সেন পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান বিবেরু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের মডারেটর অধ্যাপক হাবিবা রহমান।

এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল সিনেমাটি। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

পুরস্কার প্রাপ্তির পর তিনি বলেন, ‘যে কোনো পুরস্কার প্রাপ্তি আনন্দের; যা কাজের আনন্দ বাড়িয়ে দেয়। ঢাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। আরও একটি পুরস্কার পেয়ে ভালো লাগছে ‘

 এছাড়াও সেরা নির্মাতা, চিত্রগ্রহণ, শব্দশৈলী পুরস্কার অর্জন করেছে তামিম নূরের সিনেমা ‘উৎসব’। 

ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর টিএসসিতে আয়োজন করা হয় উৎসবটি। এ বছর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হয় আহমেদ হাসান পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। ১৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমায় নূর নামে এক প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়াও উৎসবে প্রদর্শিত হয়েছে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া-নেওয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদ জীবনের ‘৩০২’, রায়হান রাফীর ‘তাণ্ডব’, সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’, মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোসনা’, মিঠু খানের ‘নীলচক্র’, কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’, তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ‘উৎসব’।

সমাপনী দিনে গতকাল প্রদর্শিত হয় তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমা দিয়ে শুরু হয় সমাপনী দিনের প্রদর্শনী। এরপর দেখানো হয় কাজী হায়াতের ‘ধর’, মাহফুজ সরকারের ‘মায়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।

আরও পড়ুন

×