‘সব প্রতিবন্ধকতা জয় করে দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাক’
নাজনীন নীহা। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৯
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন বাংলাদেশ গড়ে তোলায় এই নির্বাচনের ভূমিকা অপরিসীম। তাই সাধারণ মানুষের মতো সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও রাষ্ট্র ব্যবস্থার পালাবদল নিয়ে মেতে আছেন জল্পনা-কল্পনায়। এবারই প্রথম ভোট দেবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা।
সমকালকে নীহা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ এসেছে। ভোট দেব, প্রতিনিধি নির্বাচিত করার মধ্য দিয়ে এই দেশের নতুন রূপরেখা তৈরি হবে–এই বিষয়টা ভাবতেই অন্য রকম এক ভালো লাগার মন ছেয়ে যাচ্ছে।’
ঢাকায় বসবাস করলেও নাজনীন নীহা ময়মনসিংহের ভোটার। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও যেকোনোভাবে ভোটকেন্দ্রে পৌঁছেতে চান তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি মূলত ময়মনসিংহের ভোটার। তবে অভিনয়ের জন্য রাজধানীতে বসবাস এবং এখানেই বেশির ভাগ সময় কাটে। বলতে গেলে এখন প্রতিদিনই শুটিং করতে হয়। এজন্য ময়মনসিংহে গিয়ে ভোট দেওয়া নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। তবে চেষ্টা থাকবে যেভাবে হোক, ঠিক সময়ে ভোটকেন্দ্রে পৌঁছে যাওয়ার।’
তার কথায়, ‘প্রথম ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন সরকার গঠনে যেমন ভূমিকা রাখতে চাই, তেমনি চাই নবনির্বাচিত সরকার যেন জনসাধারণের প্রতিটি চাওয়া পূরণ করে। দেশে শান্তি ফিরে আসুক, সব রকম প্রতিবন্ধকতা জয় করে এই দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাক–এটাই আমার চাওয়া।’
- বিষয় :
- নাজনীন নীহা
- নাটক
