ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রেম-সম্পর্ক ও নতুন শুরুর গল্পে ভালোবাসা দিবসের নানা আয়োজন

প্রেম-সম্পর্ক ও নতুন শুরুর গল্পে ভালোবাসা দিবসের নানা আয়োজন
×

জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর, শবনম বুবলী, জান্নাতুল সুমাইয়া হিমি ও তৌসিফ মাহবুব। ছবি: কোলাজ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪৪

আজ বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে ঋতুরাজ বসন্তের প্রথম দিন– পহেলা ফাল্গুন। ভালোবাসা আর বসন্তের রঙে রাঙানো এই বিশেষ দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও টেলিভিশন চ্যানেল ও বিনোদনভিত্তিক বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম সাজিয়েছে বর্ণিল আয়োজন। দিবসটি উপলক্ষে নির্মিত হয়েছে একাধিক বিশেষ নাটক, টেলিফিল্ম ও অনুষ্ঠান। প্রেম, সম্পর্ক, আবেগ আর নতুন শুরুর গল্পে ভরপুর এসব আয়োজনে থাকছে তারকাদের চমকও। ভালোবাসা দিবসের এই বিশেষ মুহূর্তকে রাঙাতে টিভি পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত সেসব বিশেষ নাটক ও অনুষ্ঠান নিয়েই এই আয়োজন

যে কথা হয়নি বলা
সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামে নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 
নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটকটি। নীহার সঙ্গে দর্শক আমাকে সব সময়ই পছন্দ করেন। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। ভালোবাসা দিবসে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’ নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে এমন গল্পই উপভোগ করেন দর্শক।’ নাটকটিতে দুটি গান। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

বেদনামাখা প্রেমের নীল রেইনকোট
বর্ষার এক বিকেলে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে দুটি মানুষের পরিচয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘নীল রেইনকোট’। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ, গল্প লিখেছেন তানভীর হাসান। ভালোবাসা দিবসকে ঘিরে নির্মিত নাটকটি দেখা যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এতে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম। এই নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি হয়ে কাজ করলেন তারা। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার, সিদ্ধার্থ, আব্রাহাম তামিমসহ অনেকে।

ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসার পাঁচফোড়ন
ভালোবাসা দিবস ঘিরে এবারও বিশেষ আয়োজন নিয়ে ফিরছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার পাঁচফোড়ন’। আজ ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় দুই যুগ ধরে বিশেষ এই দিনে প্রচার হয়ে আসছে পাঁচফোড়ন। এবারও অনুষ্ঠানটি ভিন্ন পরিবেশে নতুন আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। গল্পের ফাঁকে ফাঁকে রয়েছে গান, নাচ, নাটক এবং বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন।

নিলয়-হিমির মায়া বনের হরিণ
ভালোবাসা দিবসের জন্য ‘না বলা এক প্রেমের গল্পে’ নির্মিত হয়েছে নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটিতে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস ঘিরে নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে। 

অভিনেত্রী হিমির দুজন দুজনার
ভালোবাসা দিবস উপলক্ষে প্রচার হচ্ছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটক। পাশাপাশি ভালোবাসার কথামালা নিয়ে সাজানো গানও প্রকাশ করছেন এই অভিনেত্রী। সাথে গান গাইলেন হিমি। তাঁর সঙ্গে ডুয়েট গেয়েছেন সংগীত শিল্পী রাফি। গানচিত্রটির শিরোনোম ‘দুজন দুজনার’। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পূলক অধিকারী। এর গানচিত্রে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেক এর ব্যানারে নির্মিত গানটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে। গানটি নিয়ে হিমি বলেন, ‘প্রতি বছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিওচিত্রে আবার নিজেই অভিনয় করেছি।

পডকাস্ট শো’তে বুবলী
বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো। এতে অতিথি হয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। যেখানে আবারও মা হওয়া নিয়ে জল্পনা কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি। ভালোবাসা দিবসের দিন মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ রাত ৯টায় প্রচার হবে এই পর্বটি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের ‘ভ্যালেন্টাইন্স স্পেশাল’ পর্বে বুবলী জানিয়েছেন, তার জীবনের না বলা অনেক কথা, যে কথাগুলো এর আগে কখনও কোনো অনুষ্ঠানে বলেননি। বুবলী এই পডকাস্টে জানিয়েছেন, তাঁর প্রথম প্রেমের কথা; মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান স্ট্যাটাস, অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা, কেন তিনি সংবাদ মাধ্যম থেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে চলচ্চিত্রের নায়িকা হতে সম্মত হয়েছিলেন– সবকিছু। এ ছাড়াও চ্যানেলটিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান।

চোখের জলে রঙ
ভালোবাসা দিবসে দীপ্ত টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘চোখের জলে রঙ’। তৌফিকুল ইসলামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল বাশার ও সাফা কবির। রাত ১১টা ৩৫ মিনিটে নাটকটি প্রচার হবে।

আরও পড়ুন

×