ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার ‘কতদিন হয়নি দেখা’

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার ‘কতদিন হয়নি দেখা’
×

তপন চৌধুরী ও ড. প্রিয়াঙ্কা গোপ। ছবি: কোলাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৪

বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত গায়ক তপন চৌধুরী আবারও নতুন প্রজন্মের গুণী শিল্পীদের সঙ্গে কাজ করে ভক্তদের আনন্দ দিয়েছেন। বিটিভি, বেতার ও ক্যাসেট যুগের নাইনটিজে তিনি ছিলেন আধুনিক গানের ঈর্ষণীয় জনপ্রিয় মুখ। তপন চৌধুরীকে বিশেষভাবে পছন্দ করেন ড. প্রিয়াঙ্কা গোপ, যিনি নিজেও দেশের প্রখ্যাত সংগীতশিল্পী।

এবার ড. প্রিয়াঙ্কা গোপ প্রথমবারের মতো তপন চৌধুরীর মৌলিক সুরে গান গাইবেন। গানটির শিরোনাম ‘কতদিন হয়নি দেখা’। গানটি লিখেছেন তপন চৌধুরী ও কবির বকুল। সুর করেছেন তপন চৌধুরী, আর সংগীতায়োজনে রয়েছেন উজ্জ্বল সিনহা। কয়েকদিনের মধ্যেই প্রিয়াঙ্কা গোপ কণ্ঠ দিয়ে গানটির রেকর্ডিং সম্পন্ন করবেন।

প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘ছোটবেলা থেকেই যাদের গান শুনে বড় হয়েছি, তপন চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তাঁর অনুশোচনা অ্যালবামের গানগুলো আমি বারবার শুনেছি। তপন দাদা ও মিতালী মুখার্জির দ্বৈত অ্যালবাম ‘নিঃশ্বাসে তুমি’ ও ‘বিশ্বাসে তুমি’র গানগুলোও সবসময় আমার প্রিয়। দাদার জন্য গান গাওয়ার সুযোগ আমার কাছে সত্যিই পরম পাওয়া। আমি চেষ্টা করব, গানটি মন দিয়ে গাইতে যাতে তাঁর প্রত্যাশা পূরণ হয়।’

এদিকে, সম্প্রতি বিটিভির ‘ফাগুন মলাট’ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গোপ ‘মেঘের ভেলা’ গানটি পরিবেশন করেছেন। গানটি লিখেছেন অধরা জাহান, সুর করেছেন সুমন কল্যাণ। এর আগে প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘এখনও কোয়েলিয়া’ ও ‘আজই নেমেছে আঁধার’ শিরোনামের গান, যেখানে সংগীতায়োজন করেছেন পল্লব স্যানাল এবং সোনালী রায়।

প্রিয়াঙ্কা গোপ বলে, ‘মেঘের ভেলা’, ‘এখনও কোয়েলিয়া’ ও ‘আজই নেমেছে আঁধার’-গানগুলো শ্রোতাদের পছন্দের কথা মাথায় রেখেই গেয়েছি। এ কারণেই শ্রোতারা বেশ গ্রহণ করেছে। সামনে সুন্দর কিছু গান নিয়ে শ্রোতাদের মন ভরাতে চাই’। 

ড. প্রিয়াঙ্কা গোপ ২০১৪ সালের ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে অনিল বাগচীর ‘একদিন’ সিনেমায় প্লেব্যাকের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

আরও পড়ুন

×