ভিন্ন নামে আসছে কাকাবাবু সিরিজের পঞ্চম চলচ্চিত্র
কাকাবাবু সিরিজের পঞ্চম চলচ্চিত্রের পোস্টারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫১
বাংলা সাহিত্যের অ্যাডভেঞ্চার ধারায় এক অনিবার্য নাম কাকাবাবু। কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের এ কালজয়ী চরিত্র আবারও বড় পর্দায় ফিরছে। ফলে পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবারও রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবুর ভূমিকায় দেখা যাবে। দীর্ঘদিন ধরেই দর্শকদের প্রিয় এ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা।
এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘ভয়ংকর সুন্দর’। ফলে বোঝাই যাচ্ছে সিনেমায় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকবে ভয়ংকর রহস্য।
নির্মাতারা জানিয়েছেন, নতুন এই অধ্যায়ে অ্যাডভেঞ্চার, রহস্য আর রোমাঞ্চের মাত্রা থাকবে আগের চেয়ে আরও তীব্র। কাকাবাবুর প্রত্যাবর্তনের খবরে ইতোমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা, বিশেষ করে যাদের শৈশব-কৈশোর কেটেছে এই দুঃসাহসী অভিযাত্রীর গল্প পড়ে। ফ্র্যাঞ্চাইজিটির এই নতুন সংযোজন যে আবারও প্রেক্ষাগৃহে দর্শক টানবে, সে বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। কাকাবাবু ফিরছেন– অজানার পথে, নতুন রহস্যের খোঁজে।
নির্মাতারা জানান, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে ছবিটির প্রাক্-উৎপাদন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত চতুর্থ পর্ব ‘বিজয়নগরের হীরে’ সিনেমার বাণিজ্যিক ও দর্শকপ্রিয় সাফল্যই মূলত নতুন কিস্তি দ্রুত এগিয়ে আনার অনুপ্রেরণা জুগিয়েছে।

জানা গেছে, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার গল্প এগোবে কাশ্মীরের প্রেক্ষাপটে। বরফঢাকা পাহাড়, নীলাভ হ্রদ আর বিস্তৃত উপত্যকার দেশ কাশ্মীর। যেখানে প্রকৃতি যেমন মায়াবী, তেমনি তার অন্তরালে লুকিয়ে থাকতে পারে অজানা ষড়যন্ত্র।
এবার সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ নির্মাতা চন্দ্রাশিস রায়। তার হাতে কাকাবাবুর অভিযাত্রা নতুন ভাষা ও গতি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধান চরিত্রে প্রসেনজিৎ নিশ্চিত হলেও সন্তু কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় কারা থাকবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রীতে ভূষিত হওয়া প্রসেনজিৎ এই চরিত্রে ফিরে আসা নিয়ে আবেগাপ্লুত। তাঁর কথায়, ‘কাকাবাবু নিছক একটি গোয়েন্দা চরিত্র নন; এটি বাঙালির শৈশব-কৈশোর জুড়ে থাকা এক অভিযাত্রিক স্বপ্ন। প্রতিটি কিস্তি যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি এক প্রকার শ্রদ্ধার্ঘ্য।
- বিষয় :
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- সিনেমা
- টালিউড
