ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংগীতের শক্ত ভিত আর নেই, আছে কেবল কঙ্কালসার: আসিফ 

সংগীতের শক্ত ভিত আর নেই, আছে কেবল কঙ্কালসার: আসিফ 
×

আসিফ আকবর। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:০০

নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন ধরে বাংলা গানের অঙ্গনে সক্রিয় এই শিল্পী সমসাময়িক সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও সরব থাকেন।  গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে তিনি তুলে ধরেছেন দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের সংকট, বিশেষ করে করোনাকালীন অভিজ্ঞতা এবং শিল্পীদের অনিশ্চিত বাস্তবতা।

লেখায় আসিফ আকবর জানান, পবিত্র রমজান মাস এলেই তাঁর মনে পড়ে করোনাকালীন সময়ের দুঃসহ অভিজ্ঞতার কথা। তাঁর ভাষায়, বাংলাদেশের নানা সমস্যার প্রতিফলন ঘটে সংস্কৃতি অঙ্গনে, আর সংকটের প্রথম আঘাতটাই আসে সংগীত কার্যক্রমে। শিল্পীদের জন্য রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই, ব্যাংকঋণ পাওয়ার সুযোগ নেই, এমনকি অনেক সময় বাসাভাড়ার ক্ষেত্রেও সহযোগিতা মেলে না-এমন বাস্তবতার কথাও উল্লেখ করেন তিনি।

করোনার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, স্টুডিও বন্ধ থাকায় এবং টেকনিশিয়ান না থাকায় মোবাইল ফোনেই রেকর্ডিং করতে হয়েছে। অনেক মিউজিশিয়ান শহর ছেড়েছেন, কেউ পাড়ি জমিয়েছেন প্রবাসে, কেউবা বদলে ফেলেছেন পেশা। তবুও সংগীতচর্চা থেমে থাকেনি। কৃতজ্ঞতার সঙ্গে তিনি স্মরণ করেন প্রযোজক ধ্রুব গুহ–এর কথা, যিনি কঠিন সময়ে শিল্পীদের পাশে ছিলেন।

সমসাময়িক সাংস্কৃতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করে আসিফ আকবর বলেন, দেশে এখন সংগীত বা চলচ্চিত্র শিল্পের শক্ত ভিত আর নেই; আছে কেবল কঙ্কালসার অবয়ব। তাঁর মতে, সরকার বদলায়, কিন্তু চাটুকারদের পরিবর্তন হয় না-একই ধরণের বুলি আর অপূর্ণ স্বপ্নের পুনরাবৃত্তি চলতেই থাকে। করোনাকাল শিক্ষা ও আতঙ্ক নিয়ে এলেও সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তা ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে শিল্পীদের ভেতরের বিভাজন ও স্বার্থপরতার কথাও উল্লেখ করেন এই শিল্পী। তাঁর মতে, সংস্কৃতিকর্মীদের পারস্পরিক অনৈক্য সম্ভাবনাকে বারবার ক্ষতিগ্রস্ত করছে। তবে হতাশার মাঝেও ভালোবাসার কথা উচ্চারণ করে তিনি লেখেন, তবুও ভালোবাসা অবিরাম। 

 

আরও পড়ুন

×