ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাতৃভাষা দিবসের নানা আয়োজন

মাতৃভাষা দিবসের নানা আয়োজন
×

কোলাজ সমকাল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫১

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেসব বীর শহীদদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে নানা ধরনের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে টিভি চ্যানেলগুলো প্রচার করছে নাটক, সিনেমা, আলেখ্যানুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান।

অমর একুশের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিটিভি ভোর ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। শিশু-কিশোরদের জন্য সকাল ১০টায় রয়েছে ভাষা আন্দোলনভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান ও ১১টা ০৫ মিনিটে ছড়াগানের অনুষ্ঠান।

এরপর ১০টা ৪০ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান। দুপুর ১২টায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওপর বিশেষ অনুষ্ঠান। দুপুর সাড়ে ১২টায় পরিবেশিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। এ আয়োজনে গাইবেন কণ্ঠশিল্পী পিয়াল হাসান, সুলতানা চৌধুরী, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি, স্বীকৃতি, লাবণী ও অনন্যা আচার্য। ‘একুশ মানে মাথা নত না করা’ প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

সন্ধ্যা ৭টায় ‘কথা সাহিত্যে অমর একুশে’ শীর্ষক বিশেষ আয়োজন। রাত ৯টায় রয়েছে ভাষাশহীদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভূমিতে নির্মিত নাটক ‘সিদ্ধান্ত’। কাজী আসাদের রচনায় ও মামুন মাহমুদের প্রযোজনায় এতে অভিনয় করেছেন মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাত, তাঁবেদার ই রসুল চান্নু, এথেনা অধিকারী, জান্নাত-ই ফেরদৌসী তারা, কবির টুটুল, আরাফাত, আয়েশা, মৌসুমী ইকবাল প্রমুখ। সবশেষে রাত ১০টায় ‘আলেখ্যানুষ্ঠান’ এবং ১১টায় থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান।  

চ্যানেল আই সকাল ৭টা ৪০ মিনিটে প্রচার করবে গান দিয়ে শুরুর বিশেষ পর্ব ‘ভাষা আমার অহংকার’। এতে অংশ নিবেন শিল্পী অনিমা রায় এবং তাঁর সংগীত প্রতিষ্ঠানের শিল্পীরা। এরপর ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে টকশো  ‘তৃতীয় মাত্রা’। সকাল সাড়ে ১১টায় থাকছে ‘প্রকৃতির ভাষা’। দুপুর সাড়ে ১২টায় চ্যানেলটি শহিদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ‘বাঙলা’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে শফিকুর রহমান শান্তনুর রচনা এবং হারুন রশীদ এর পরিচালিত নাটক ‘চিঠিওয়ালা’। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার প্রমুখ।

একুশে ফেব্রুয়ারির আয়োজনে আরটিভিতে আজ রাত ৮টায় থাকছে নাটক ‘বর্ণ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, পারসা ইভানা, শেহতাজ মুনিরা হাসেম প্রমুখ। আরটিভির পাশাপাশি এই সময়ে মাছরাঙা টেলিভিশনও প্রচার করছে ভাষাদিবসকে কেন্দ্র করে নির্মিত একক নাটক।

‘বর্ণমালা’ নামে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘মায়ের ভাষা’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্মবোধক বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। আর এর মাধ্যমে ভাষা আন্দোলনের মহান চেতনাকে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। 

শিশুদের জনপ্রিয় চ্যানেল দুরন্ত টিভি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার করবে  বিশেষ অনুষ্ঠান। শাহাদাৎ সেতুর পরিচালনায় এ আয়োজনে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সুনিপুণ বড়ুয়া, মেহজাবিন মৌশি ও কোরিওগ্রাফি পরিবেশন করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘ফুলকি সহজপাঠ বিদ্যালয়, চট্টগ্রাম’-এর নৃত্যশিল্পীরা।

এ ছাড়াও সকাল ৮টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘অ আ ক খ’, দুপুর ২টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’ সকাল ১০টায় সিনেমা ‘মানুষ’ এবং রাত ১০টায় সিনেমা ‘পাঠশালা’। এর বাইরেও বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত বেশ কিছু অনুষ্ঠান।


 

আরও পড়ুন

×