২১ হাজার গানের স্রষ্টাকে নিয়ে ‘অল্প কথার গল্প গান’
প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১২
২১ হাজার গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। বাংলা গানের সেরা গীতিকবিদের একজন তিনি। পাশাপাশি তিনি সফল চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সুরকার। আগামীকাল তার জন্মদিন। এ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে মাজহারুল আনোয়ারের লেখা বই ‘অল্প কথার গল্প গান’।
বইটির প্রকাশক ‘ভাষাচিত্র’-এর খন্দকার মনিরুল ইসলাম। বইটি ধারাবাহিক প্রকাশের ষষ্ঠ খণ্ড। এতে রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা কালজয়ী কিছু গানের লেখার প্রেক্ষাপট।
গান রচনার গল্প থেকে জানা যাবে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের চলচ্চিত্র জগতের কালজয়ী শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক, নির্মাতা, পরিচালকসহ বিভিন্ন শিল্পী-কলাকুশলীর কীর্তিময় সময়ের বিভিন্ন ঘটনা। বইটির মাধ্যমে তার জীবনের ফেলে আসা দিনের অনেক কথাই পাঠকরা জেনে যাবে।
গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ উপল বলেন, ‘বাবা আজ বেঁচে নেই। বইটি প্রকাশের কারণ হলো তার গান সংরক্ষণের একটা প্রক্রিয়া। একই সঙ্গে জনপ্রিয় সব গানের পেছনের গল্পও পাঠকদের জানানোর একটা উদ্যোগ। গত কয়েক বছর বাবার জন্মদিনে এটি প্রকাশ হয়ে আসছে। আসছে বইমেলায় এটি প্রকাশ হবে।’
- বিষয় :
- গাজী মাজহারুল আনোয়ার
- সংগীত
- গান
