ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজকীয় আবহে প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান শুরু, ছবি শেয়ার করলেন ‘বিরোশ’

রাজকীয় আবহে প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান শুরু, ছবি শেয়ার করলেন ‘বিরোশ’
×

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৪২

অবশেষে অপেক্ষার অবসান। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে হবে দক্ষিণি সিনেমার এই আলোচিত জুটির। বিয়ের মূল অনুষ্ঠানের আগে থেকেই শুরু হয়েছে প্রাক্‌-বিবাহ আয়োজন।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘বিরোশ’-এর প্রি-ওয়েডিং অনুষ্ঠান। আজ মেহেদি, আগামীকাল গায়ে হলুদ ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন রয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রাজকীয় আবহেই হচ্ছে এসব আয়োজন। অনুরাগীদের জন্য ভেন্যু থেকেই বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তারকা জুটি।

এরই মধ্যে উদয়পুরে পৌঁছেছেন রাশমিকা ও বিজয়। তার আগে সব জল্পনার ইতি টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে বিয়ের ঘোষণা দেন তারা। অনুরাগীদের দেওয়া নামেই তাদের বিয়ের নাম রাখা হয়েছে-‘বিরোশের বিয়ে’।

‘বিরোশের বিয়ে’র ভেন্যু
বিয়ের মূল আয়োজন বসছে উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোসে। রাজকীয় স্থাপত্য, শান্ত পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এই ভেন্যু লোকচক্ষুর আড়ালে তারকাদের বিয়ের জন্য আদর্শ বলেই মনে করা হয়। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টে অতিথিদের থাকার ব্যবস্থাও করা হয়েছে অত্যন্ত রাজকীয়ভাবে।

মেনু কার্ডের ছবি
বিয়ের দিন দম্পতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কিউরেটেড ফুড মেনু। ভেন্যু সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আয়োজনের প্রতিটি দিকেই থাকছে আভিজাত্য ও পরিমিত আড়ম্বর। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে চলতি বছরের তারকাদের প্রথম বড় পরিসরের বিয়ে।

তবে আজ সোনালি আলোয় সাজানো দীর্ঘ ডাইনিং টেবিল, গোলাপি লিলি ও সবুজ হাইড্রেনজায় সজ্জিত ফুলের তোড়া, পাশে সবুজ আপেল-আঙুরের নান্দনিক বিন্যাস—সব মিলিয়ে এক পরিমিত রুচির আয়োজন। বিশেষভাবে ছাপানো মেনু কার্ডে ইঙ্গিত মিলল, অতিথিদের জন্য রাখা হয়েছে জাপানি নৈশভোজ।

পুলের জলে প্রাণবন্ত বিজয়
সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয় একটি ছবি শেয়ার করেছেন। পুলের জলে ভলিবল নেট টানানো, মাঝ আকাশে থেমে থাকা বল, আর জলের ছিটেফোঁটায় হালকা উচ্ছ্বাসের এক বিকেল। সবুজে ঘেরা প্রাসাদের পুলসাইডে লাল কাপ সাজানো পানীয়র ট্রে, হাসিঠাট্টা আর খোলা আকাশ—বরপক্ষের প্রাক্‌–বিবাহ আয়োজন যে বেশ প্রাণবন্ত, তা বোঝাই যায়।

অতিথি তালিকা
বড় কোনো চলচ্চিত্র তারকার উপস্থিতি থাকছে না বলেই চলে। তবে তেলেঙ্গানার কয়েকজন রাজনীতিক, হাতে গোনা কিছু জনপ্রিয় পরিচালক এবং দুই পরিবারের ঘনিষ্ঠজন মিলিয়ে প্রায় ১০০ জন অতিথি আমন্ত্রিত রয়েছেন।

হায়দরাবাদে রিসেপশন
বিয়ের পর রিসেপশন আয়োজন করা হবে হায়দরাবাদের একটি বিলাসবহুল হোটেলে। জানা গেছে, সেখানে সবচেয়ে সাশ্রয়ী কক্ষের ভাড়া ১৭ হাজার ৬৫০ টাকা। ডিলাক্স ও লাক্সারি কক্ষের ভাড়া ৫৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত, আর প্রিমিয়াম সুইটের ভাড়া এক লাখ টাকারও বেশি। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×