একুশে পদক গ্রহণ করল ওয়ারফেজ, ইতিহাসের সাক্ষী হতে ছুটে এলেন পুরোনো সদস্যরাও
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করছেন ওয়ারফেজের টিপু।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩৮
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’কে একুশে পদকে ভূষিত করা হয়।
ব্যান্ডের পক্ষে পদকটি গ্রহণ করেন ওয়ারফেজ দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। পদকটি গ্রহণের পর টিপু বলেন, পদকটি ঘোষণার পর থেকেই আমরা উচ্ছ্বসিত ছিলাম। আজকে সম্মানিত অতিথি এবং যারা পদকপ্রাপ্ত হয়েছেন- সবার সামনে পদকটি দেয়া হলো। অনারেবল প্রাইম মিনিস্টার পদকটি হাতে তুলে দিলেন, যার ফলে অফিশিয়ালি পদকটি পেলাম আমরা।
উচ্ছ্বাস প্রকাশ করে টিপু বলেন,“পদক গ্রহণের মধ্য দিয়ে পুরোপুরিভাবে পরিপূর্ণতা পেলাম আমরা। আমাদের ব্যান্ডের সব মেম্বাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সবাই দারুণ আনন্দিত। আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
এসময় টিপু জানান, ব্যান্ডের একুশ পদক প্রাপ্তির এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ‘ওয়ারফেজ’-এর পুরনো সদস্যরাও দেশে এসেছেন। টিপুর ভাষ্য,“দেশের বাইরে থেকে বাবনা করিম, সঞ্জয় কামরান রহমান, মাসুক রহমান এবং অনি হাসানরা এসেছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।”
ব্যান্ড মিউজিকে ‘ওয়ারফেজ’কে ছাড়াও এবছর চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদকে একুশে পদক প্রদান করে সরকার।
