নিখোঁজ ব্যক্তির জন্য অপেক্ষার গল্পে ‘প্রেমাতাল’
তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩২
গল্পটা প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতা নিয়ে। কিন্তু সেটি প্রেম ছাপিয়ে অনন্ত অপেক্ষার গল্প বলে যাবে দর্শকদের কাছে। কারণ, গল্পের মূল চরিত্র নিখোঁজ। বেঁচে আছে না মারা গেছে, সেই তথ্যটুকুও জানে না তার মা ও সদ্যবিবাহিত স্ত্রী।
এমন এক প্রেমময় অপেক্ষার গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’। যার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা।
নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন সুমন হোসাইন।

নাটকটির গল্প প্রসঙ্গে আগাম কোনও ক্লু দিতে চাইছেন না নাট্যকার ও নির্মাতা রাখি। শুধু এটুকু জানালেন, গল্পটা ছেলের জন্য একজন মায়ের যেমন অপেক্ষার, তেমনি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার। যে অপেক্ষার ভেতরে ও বাইরে রয়েছে অনেক প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতা।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এমন গল্পের চিত্রনাট্য খুব কমই পাওয়া যায় আজকাল। তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে আসছে ঈদে প্রতিষ্ঠানটির ব্যানারের অন্যতম দরকারি নির্মাণ। যা মুক্তি পাচ্ছে ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
- বিষয় :
- তৌসিফ মাহবুব
- নাজনীন নীহা
