ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রিয়াঙ্কার ‘দ্য ব্ল্যাফ’সহ এ সপ্তাহে ওটিটিতে থাকছে যেসব সিনেমা

প্রিয়াঙ্কার ‘দ্য ব্ল্যাফ’সহ এ সপ্তাহে ওটিটিতে থাকছে যেসব সিনেমা
×

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ফেসবুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৭

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার কিছু আলোচিত সিনেমা ও ধারাবাহিক। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর-

জিওহটস্টার
২৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইংরেজি ভাষার সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন ও তেয়ানা টেইলর অভিনীত এই রাজনৈতিক থ্রিলারে ফ্রেঞ্চ সেভেন্টি ফাইভ নামে এক অতি বামপন্থি গোষ্ঠীর সদস্য প্যাট ও পার্ফিডিয়ার লড়াই তুলে ধরা হয়েছে। অবৈধ অভিবাসীদের আটকে রাখা ডিটেনশন ক্যাম্পে হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করার পর এক ব্যাংক ডাকাতির ঘটনায় জটিল পরিস্থিতির মুখে পড়ে তারা।

প্রাইম ভিডিও
২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য ব্ল্যাফ’। প্রিয়াঙ্কা চোপড়া ও কার্ল আরবান অভিনীত এ ছবির প্রেক্ষাপট উনিশ শতকের শেষ দিকের ক্যারিবীয় অঞ্চল। একসময়কার জলদস্যু এরসেল শান্ত জীবন বেছে নিলেও পুরোনো শত্রু ক্যাপ্টেন কনরের ফিরে আসায় নতুন করে শুরু হয় টানটান সংঘাত।

নেটফ্লিক্স
২৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে এসেছে হিন্দি ভাষার সিনেমা অ্যাকিউজড। কঙ্কনা সেন শর্মা ও প্রতিভা রানতা অভিনীত এই ছবির কেন্দ্রে লন্ডন প্রবাসী গাইনোকোলজিস্ট গীতিকা। বড় হাসপাতালের ডিন হওয়ার আগমুহূর্তে একটি বেনামি ইমেইলের পর কর্মস্থলে যৌন হেনস্তার অভিযোগে তার সাজানো জীবন ভেঙে পড়ে।

অ্যাপল টিভি
২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মোনার্ক: লিগ্যাসি অব মনস্টারস-এর দ্বিতীয় মৌসুম। কার্ট রাসেল ও আনা সাওয়াই অভিনীত এ মৌসুমে গল্পের বড় অংশজুড়ে রয়েছে স্কাল আইল্যান্ড। অ্যাপেক্স সাইবারনেটিকসের গবেষণা কেন্দ্র ও রহস্যময় নতুন দানব টাইটান এক্সকে ঘিরে মোনার্কের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পেয়েছে।

প্রাইম ভিডিও
২৭ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে এসেছে তথ্যচিত্র পল ম্যাককার্টনি: ম্যান অন দ্য রান। পল ম্যাককার্টনির জীবনের কঠিন সময়, স্ত্রী লিন্ডাকে সঙ্গে নিয়ে নতুন ব্যান্ড ‘উইংস’ গঠন এবং নতুন পথচলার গল্প উঠে এসেছে এতে। নির্মাতা মর্গ্যান নেভিলের এ তথ্যচিত্রে রয়েছে অপ্রকাশিত ফুটেজ ও পারিবারিক স্মৃতি, পাশাপাশি জন লেননের সঙ্গে পলের জটিল সম্পর্কের কথাও।

আরও পড়ুন

×