ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রহস্য আর অ্যাকশনে প্রীতমের নতুন অধ্যায়

রহস্য আর অ্যাকশনে প্রীতমের নতুন অধ্যায়
×

প্রীতম হাসান

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৩:৪৫

গান দিয়ে যাত্রা শুরু। তারপর ধীরে ধীরে অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানো। এখন অ্যাকশন ঘরানার এক রহস্যময় চরিত্র। এ প্রজন্মের সংগীতশিল্পী প্রীতম হাসান যেন নিজের শিল্পীসত্তাকে বারবার নতুনভাবে আবিষ্কার করছেন। নিজের ভেতরের সুপ্ত প্রতিভার দ্বার উন্মোচন করে চলেছেন একের পর এক সফল কাজের মধ্য দিয়ে।

টেলিভিশন নাটক থেকে ওটিটি। দুই মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন, শুধু সুর আর কণ্ঠে নয়, অভিনয়েও তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি আছে। এতদিন দর্শকরা তাঁকে দেখেছেন রোমান্টিক কিংবা কিছুটা নরম আবহের চরিত্রে। এবারের ঈদে সেই চেনা প্রীতমকে ভেঙে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি; যা দেখে ভক্ত আর দর্শকরা চমকে উঠবেন বলেই প্রীতমের বিশ্বাস। তাঁর অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘ক্যাকটাস’। নামের মধ্যেই যেন আছে এক ধরনের রহস্য। ঠিক মরুভূমির ক্যাকটাসের মতোই, যার বাইরের দিকটা কাঁটায় ভরা, কিন্তু ভেতরে সঞ্চিত আছে জীবনদায়ী রস। সিরিজটি রচনা ও পরিচালনা করছেন বরেণ্য নির্মাতা শিহাব শাহীন; যিনি বরাবরই অসাধারণ গল্প আর নির্মাণশৈলীর জন্য প্রশংসিত।

জানা গেছে, এরই মধ্যে ‘ক্যাকটাস’-এর বেশির ভাগ অংশের কাজ শেষ করেছেন এই তরুণ কণ্ঠশিল্পী। এখানে দেখা যাবে এক ভিন্ন প্রীতমকে, যাঁকে এতদিন দর্শক কখনও দেখেননি। প্রীতম নিজেই বলছেন, এর আগে দর্শক তাঁকে যে ধরনের চরিত্রে দেখেছেন, এটি তার থেকে সম্পূর্ণ আলাদা। শুধু চরিত্রই নয়, এখানে তাঁর লুক, সংলাপের ধরন, এমনকি শরীরী ভাষাও ভিন্ন। যদিও গল্প বা চরিত্র নিয়ে এখনই খুলে বলতে চান না প্রীতম। তবে ইঙ্গিত দিয়েছেন।

তার ভাষ্যে, ‘এই সিরিজে আমার অভিনীত চরিত্রটিতে ০০৭-এর একটা ভাইব থাকবে।’ অর্থাৎ, সিরিজে থাকছে অ্যাকশন, থাকবে রহস্য, আর থাকবে রোমাঞ্চকর কিছু দৃশ্য। শুধু অ্যাকশন নয়, প্রীতমের ভাষায়, ‘ক্যাকটাস’ সিরিজে সুন্দর একটি গল্পও থাকবে; যেখানে দেখা যাবে মানবিক সম্পর্কের টান, বিশ্বাস আর প্রতারণার জটিল বুনন। আমার বিশ্বাস ‘ক্যাকটাস’ দর্শকের হৃদয়ে নাড়া দেবে।

এই সিরিজে প্রতীম হাসানের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা।  প্রীতমের কণ্ঠে সহশিল্পীর প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, ‘মেহজাবীন শুধু ভালো অভিনেত্রী নন, সহশিল্পী হিসেবেও দারুণ সহযোগী। সেটে তাঁর উপস্থিতি অন্যের অভিনয়কেও তুলে ধরে, তিনি যেন প্রতিটি দৃশ্যে নতুন মাত্রা যোগ করেন।’

সামাজিক মাধ্যমে এই জুটির প্রথমবারের মতো পর্দা ভাগ করে নেওয়া নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। নির্মাতা শিহাব শাহীনকে নিয়ে প্রীতম বলেন, ‘‘খুব যত্ন নিয়ে, ধরে ধরে কাজটি করছেন। প্রতিটি দৃশ্য যেন নিখুঁতভাবে ফুটে ওঠে, সেই চেষ্টা অবিরাম করেছেন তিনি। তাই আমার বিশ্বাস ঈদের প্রশংসিত কনটেন্টগুলোর মাঝে ‘ক্যাকটাস’ জায়গা করে নেবে, আর দর্শক এই ভিন্নধর্মী প্রযোজনা মনে রাখবেন দীর্ঘদিন।’’

এর আগেও শিহাব শাহীনের সঙ্গে কাজ করেছেন প্রীতম। এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে প্রীতমের অভিনয় নজর কেড়েছিল, বিশেষ করে শহুরে এক তরুণের চরিত্রে তিনি দর্শকের মনে দাগ কেটেছিলেন। ‘ক্যাকটাস’ সিরিজটিতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। সিরিজটি ঈদে চরকিতে দেখা যাবে।

এই সিরিজের মাধ্যমে প্রীতম মনে করেন তিনি নিজের অভিনয়ের সীমানাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরেছেন। গানের জগৎ তাঁকে আবেগের গভীরতা শিখিয়েছে। সেই আবেগকেই তিনি এখন কাজে লাগাতে চান পর্দায়। ‘ক্যাকটাস’ তাঁর ক্যারিয়ারে একটি মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশাবাদী। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন পর্দায় দেখা মিলবে এই নতুন প্রীতমের, কখন ধরা দেবেন তিনি কাঁটার আড়ালে লুকিয়ে রাখা নিজের অন্যতম সেরা অভিনয় দক্ষতা।

অভিনয়ের পাশাপাশি গানেও সমান ব্যস্ত প্রীতম। কয়েক বছর ধরে সিনেমায় তাঁর কণ্ঠ প্রশংসা কুড়িয়ে আসছে। ‘তুফান’ সিনেমায় ‘লাগে উড়াধুরা’, ‘তাণ্ডব’-এর ‘লিচুর বাগানে’ কিংবা বরবাদ-এর ‘চাঁদ মামা’–সব গানেই ছিল আলাদা স্বাদ, একেকটি গান যেন একেক রকম অনুভূতির জন্ম দিয়েছে শ্রোতার মনে। বিশেষ করে শাকিব খান অভিনীত সিনেমাগুলোর গান তাঁর কণ্ঠে পেয়েছে বাড়তি জনপ্রিয়তা, আর এই জুটি যেন ম্যাজিক তৈরি করে পর্দায়।

এবারের ঈদেও শাকিব খানের নতুন সিনেমার জন্য গান গেয়েছেন। খুব শিগগিরই জানাবেন বিস্তারিত, আর সেই অপেক্ষায় ভক্তরা অধীর আগ্রহে রয়েছেন। সিনেমার গানের পাশাপাশি ঈদে বেশ কয়েকটি টেলিভিশনের আয়োজনেও অংশ নিয়েছেন প্রীতম।

গানের মঞ্চ থেকে ক্যামেরার সামনে, রোমান্টিক চরিত্র থেকে অ্যাকশন। প্রীতম হাসানের এই যাত্রা যেন এক শিল্পীর ক্রমাগত রূপান্তরের গল্প, এক অনন্য অভিযাত্রা। কণ্ঠের সুর আর চরিত্রের গভীরতা–দুই ধারাতেই প্রীতম নিজেকে প্রমাণ করতে চাইছেন। ‘ক্যাকটাস’ হয়তো সেই সাহসী পদক্ষেপ, যেখানে কাঁটার আড়ালেই ফুটে উঠবে নতুন এক প্রীতম, যাঁকে দেখে দর্শক বলবেন–এ তো অন্য এক প্রীতম।

আরও পড়ুন

×