ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪৪ সরকারি স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিজয়-রাশমিকার উদ্যোগ

৪৪ সরকারি স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিজয়-রাশমিকার উদ্যোগ
×

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১৯:১২ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ২১:০০

বিয়ের পর  গ্রামের বাড়িতে গিয়েছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। সেখানে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গে সৌজন্য বিনিময় ছাড়াও নিয়েছেন একটি মহৎ উদ্যোগ। শিল্পী হিসিবে সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে, তা অক্ষরে অক্ষরে পালনের পথে হাঁটা শুরু করেছেন তারা। নিজের গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করলেন এই তারকাদম্পতি।

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, থাম্মানপেটের নাগরকুর্নুল জেলায় নিজের পৈতৃক ভিটেতে পা রেখে এমনই এক সিদ্ধান্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিজয় ও রাশমিকা। তাদের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে খুশির আমেজ। 

‘দেবরাকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’র মাধ্যমে এই সুবিধা পাবে ওই অঞ্চলের মোট ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। 

এই উদ্যোগের মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধা দেওয়া। যাতে তারা স্কুলছুট হয়ে না পড়ে এবং নিজেদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়।

গ্রামের মানুষের সামনে তেলুগু ভাষায় বক্তব্য রাখতে গিয়ে বিজয় জানান, নিজের গ্রামই তার শক্তির জায়গা। তাই এখানকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার পথে সামান্য সহায়তা করতে পারলে সেটাই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি।

তারকা জীবনের ব্যস্ততার মধ্যেও শিকড়কে ভুলে না গিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার যে বার্তা দিলেন বিজয়-রশ্মিকা, তাতে তাঁদের এই সফর শুধু পারিবারিক আচারেই সীমাবদ্ধ থাকল না—বরং হয়ে উঠল ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আশার আলো।

আরও পড়ুন

×