ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া
×

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক  

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৩:৫৭

অস্কারের মঞ্চে আবার দেখা মিলতে যাচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। আগামী ১৬ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, যা বিশ্বজুড়ে ‘অস্কার’ নামে পরিচিত। আর বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ৯৮তম আসরে উপস্থাপনা করবেন প্রিয়াঙ্কা।

আনন্দবাজার, আজকালসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে ভিড় জমাবে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তারকারা। শুধু অতিথি নয়, উপস্থাপকের দায়িত্ব পালন করবেন আলোচিত অভিনেতা-অভিনেত্রীরা। সেই সুবাদে অস্কার মঞ্চে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি দেখা মিলবে নন্দিত হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র, গিনেথ প্যালট্রো এবং অ্যান হ্যাথাওয়ের।

প্রিয়াঙ্কার এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত নয়; বরং বিশ্ব চলচ্চিত্রে ভারতীয়দের ক্রমবর্ধমান দাপটের এক অনন্য নিদর্শন। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী।

এদিকে প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলেও এই ঘোষণা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তবে এই প্রথম নয়, ২০১৬ সালেও অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু প্রিয়াঙ্কা নন, ২০২৩ সালে অস্কারের মঞ্চে উপস্থাপনা করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকেও। সেই বছর ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা গানের জন্য সম্মানিত হয়েছিল।

এ ছাড়াও প্রিয়াঙ্কা অতীতে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এবং ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’-এরও উপস্থাপনা করেছিলেন। এ বছরে অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা ছাড়াও থাকছেন উইল আর্নেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, পল মেসকাল এবং গুইনেথ প্যালট্রো।

এদিকে প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন-থ্রিলার গল্প নিয়ে নির্মিত ‘দ্য ব্লাফ’ সিনেমায়। এরপর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর তৃতীয় কিস্তির পাশাপাশি এসএস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমায় প্রিয়াঙ্কার সহশিল্পী দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

জানা গেছে, পারিশ্রমিকের আগের সব রেকর্ড ভেঙে ৩০ কোটি টাকায় রাজামৌলীর এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমার বাজেট ঘোষণাও ছিল চমকে যাওয়ার মতো। নির্মাতাসূত্র জানিয়েছে, ‘বারাণসী’ সিনেমাটি তৈরি হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে। যেখানে রেডর্ক পারিশ্রমিকে প্রিয়াঙ্কা নিজেকে তুলে ধরছেন নতুন অবতারে। সিনেমাটি ২০২৭-এর ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

আরও পড়ুন

×