ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কী থাকছে এ সপ্তাহের ওটিটিতে

কী থাকছে এ সপ্তাহের ওটিটিতে
×

‘মন্টু পাইলট ৩’-এর একটি দৃশ্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৫:৪৬

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নানা ভাষা ও ঘরানার কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

চরকি
৫ মার্চ চরকিতে মুক্তি পেয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘মিউ’। সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন ও আজিজুল হাকিম অভিনীত এ ছবির গল্প এক তরুণী রাহাকে ঘিরে। এক সকালে হঠাৎ তার আদরের বিড়াল মিউ হারিয়ে যায়। প্রিয় সঙ্গীকে খুঁজতে গিয়ে পরিবারের নানা জটিলতার মাঝেও রাহা নিজের জীবনের নতুন উপলব্ধির মুখোমুখি হয়।

হইচই
৪ মার্চ হইচইতে এসেছে বাংলা সিরিজ ‘মন্টু পাইলট ৩’। সৌরভ দাশ, শোলাঙ্কি রায়, পার্ণো মিত্র ও যিশু সেনগুপ্ত অভিনীত এই মৌসুমে দেখা যায়–নীলকুঠি ছেড়ে ফুড ডেলিভারির কাজে নতুন জীবন শুরু করেছিল মন্টু। কিন্তু বিবিজানের অসুস্থতা ও জাহাঙ্গীরের প্রভাব তাকে আবার টেনে নেয় পুরোনো অন্ধকার জগতে। গুজব ছড়ায় ভ্রমর নাকি ফিরে এসেছে–কিন্তু সত্যিই কি সে ভ্রমর? তা জানতে মন্টুকে আবার ঢুকতে হয় তার ব্যথার শহরে।

প্রাইম ভিডিও
৪ মার্চ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘ইয়াং শার্লক’। হিরো ফিয়েনস টিফিন, ডোনাল ফিন ও জাইন সেং অভিনীত এই সিরিজের প্রেক্ষাপট ১৮৭০ সালের ইংল্যান্ডের অক্সফোর্ড। তখনও শার্লক হোমস বিখ্যাত গোয়েন্দা হয়ে ওঠেনি। একটি খুনের ঘটনায় সন্দেহের তালিকায় উঠে আসে তার নাম। নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে সে জড়িয়ে পড়ে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের রহস্যে, যা বদলে দেয় তার পুরো জীবন।

প্রাইম ভিডিও
৫ মার্চ প্রাইম ভিডিওতে এসেছে হিন্দি সিনেমা ‘সুবেদার’। অনিল কাপুর, রাধিকা মদন, সৌরভ শুক্লা ও ফয়সাল মালিক অভিনীত ছবিটির কেন্দ্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুবেদার অর্জুন মৌর্য। দীর্ঘদিন সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর নিজ শহরে ফিরে তিনি দেখেন, অবৈধ বালু উত্তোলনকারী মাফিয়াদের দখলে চলে গেছে শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অন্যায়ের বিরুদ্ধে আবারও সৈনিকসুলভ সাহস নিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি।

নেটফ্লিক্স
৬ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিরিজ বয়ফ্রেন্ড অন ডিমান্ড। জিসু ও স ইন গুক অভিনীত এ সিরিজের কেন্দ্রীয় চরিত্র স মিরে, যিনি একজন ওয়েবটুন প্রযোজক। ব্যস্ত জীবনে প্রেমের সময় না থাকায় তিনি ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ নামের একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপে যোগ দেন। সেখানে নিজের পছন্দমতো বিভিন্ন পুরুষ চরিত্রের সঙ্গে ভার্চুয়াল ডেট করে তার জীবনে যোগ হয় নানা রোমান্টিক ও মজার অভিজ্ঞতা।

আরও পড়ুন

×