ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানসিক দ্বন্দ্ব, পরিবার-সমাজের চাপের গল্পে পারসা

মানসিক দ্বন্দ্ব, পরিবার-সমাজের চাপের গল্পে পারসা
×

পারসা ইভানা। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৪:২৩

‘একসাথে আলাদা’ থাকার গল্পে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী পারসা ইভানা। গত রোববার ৮ মার্চ হইচই-এর সব সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। ঈদুল ফিতরে হইচইয়ে মুক্তি পাচ্ছে রেজাউর রহমান পরিচালিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’।

সিনেমায় পারসার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এই জুটিকে হইচই-এর পর্দায় প্রথমবার এক সঙ্গে দেখা যাবে। তাদের দুজনকে ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকেই।

বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর– তবু বিয়ে সবার জন্য নয়। গল্পের নায়ক-নায়িকা ফারহান ও আমিরা এমনই এক বাস্তবতার মুখোমুখি হয় যখন তারা দুজনেই বুঝতে পারে একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। এমন বাস্তবতায় তারা বুঝতে পারে না কী করবে। দুঃখজনকভাবে, সুখ তখন তাদের দুজনের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার ঠিক বিপরীতে বা ওপারে কোথাও! ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেই সঙ্গে তাদের পরিবার ও সমাজের চাপ, সব মিলিয়ে চলতে থাকে গল্প।

আর সে গল্পের নামই ‘একসাথে আলাদা’ ভালোবাসা, বিশৃঙ্খলা আর অগণিত অনুভূতির এই কমেডি-ড্রামায় আমরা দেখি কীভাবে তারা সমাজের প্রত্যাশার ভার সামলে নিজের মানসিক শান্তি ও সত্যিকারের সুখের খোঁজে এগিয়ে যেতে শেখে।

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডি, কিন্তু এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে, আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’ 

পরিচালক রেজাউর রহমান আগে সমসাময়িক গল্পের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ– সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াস আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। আগামী ১৯ মার্চ হইচই-তে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

আরও পড়ুন

×