বিয়ের পর প্রথমবার দম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন জেফার
জেফার রহমান ও রাফসান সাবাব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৪:৪৯
ভালোবেসে উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী জেফার রহমান। বিয়ের আসরে বন্ধু গায়ক প্রীতম হাসান মজার ছলে বলেছিলেন, জেফার বরাবরই একটু উড়নচণ্ডী স্বভাবের ছিলেন এবং একসময় বিয়ে না করার কথাও বলতেন। তাই অনেকেরই কৌতূহল ছিল বিয়ের পর কেমন কাটছে জেফারের নতুন জীবন। সম্প্রতি এক গণমাধ্যমে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই গায়িকা।
জেফারের ভাষ্য, জীবনের নতুন এই অধ্যায় তিনি বেশ উপভোগ করছেন। কাজের প্রতি তিনি সবসময়ই মনোযোগী ছিলেন। তাই এমন একজন সহায়ক ও বোঝাপড়াসম্পন্ন সঙ্গী তাঁর জীবনে খুব প্রয়োজন ছিল—যেটা তিনি রাফসানের মধ্যে পেয়েছেন।
জেফার বলেন, ‘আমরা চেয়েছিলাম শুধু কাছের মানুষদের নিয়ে ছোট করে মুহূর্তটা উদযাপন করতে। সেটাই করেছি। বিয়ের প্রতিটি আয়োজন আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ সত্যিই প্রতিটি অনুষ্ঠানে আমরা দারুণ সময় কাটিয়েছি। বন্ধু ও পরিবারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বিয়ের পর নিজের জীবনে বেশ কিছু পরিবর্তনও এসেছে বলে জানান জেফার। তার মতে, সংসার জীবনে দুজন দুজনের প্রতি সহায়ক হওয়া এবং পার্থক্যগুলোকে সম্মান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবসরে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই এখন বেশি ভালো লাগে তার।
এদিকে কাজের ক্ষেত্রেও গত বছরটি জেফারের জন্য ছিল বেশ সফল। তাণ্ডব সিনেমায় গাওয়া ‘লিচুর বাগানে’ গানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। পাশাপাশি দাগী ও ইনসাফ সিনেমার গানও শ্রোতাদের পছন্দ পেয়েছে।
তবে আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া কোনো সিনেমায় তাঁর গান নেই বলে জানিয়েছেন এই গায়িকা। অন্যদিকে নির্মাতা শিহাব শাহীন–এর পরিচালনায় একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জেফার, যেখানে তাঁর বিপরীতে আছেন প্রীতম হাসান। শিগগিরই সেটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- জেফার রহমান
- রাফসান সাবাব
