ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদের দিন রোশান-চমকের ‘প্রেমের গল্প’

ঈদের দিন রোশান-চমকের ‘প্রেমের গল্প’
×

জিয়াউল রোশান ও রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১৫:২৭

একটি প্রেমের গল্প—যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা আর ভালোবাসার আকুলতা। স্বপ্নময় সেই গল্পে হৃদয়ের আবেগ যেন প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে ওঠে, যা দর্শক-মনে ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা।

এমনই এক গল্প নিয়ে আসন্ন ঈদুল ফিতরে প্রকাশ পাচ্ছে দিলশাদ নাহার কণা ও শেইখ লিমনের দ্বৈত কণ্ঠে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল শাইর।

সুনামগঞ্জের নিলাদ্রী ও তাহিরপুরের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানের সাথে মিল রেখে গল্প নির্ভর মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এই মিউজিক্যাল ফিল্মে দর্শক দেখতে পাবেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের প্রেমের রসায়ন।

কাজটি নিয়ে উচ্ছ্বসিত রোশান। তিনি বলেন, ‘গানটি শোনার পর খুব ভালো লেগেছে। পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর পরিকল্পনাটা শেয়ার করলেন, তখনই মনে হলো কাজটি করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুকও অনেকটাই বদলেছি। আশা করছি দর্শক আমাকে নতুনভাবে দেখবেন।’

চমক বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ ভাই। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের চরিত্র আগে করা হয়নি, যা দেখলে দর্শক বুঝতে পারবেন। পুরো টিম এই কাজটির জন্য অনেক পরিশ্রম করেছে। আশা করি সবার ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা বলেন, ‘গানটির অংশ হতে পেরে ভালো লাগছে। আভরাল সাহির দারুণ একটি গান তৈরি করেছেন। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে।’

সান প্রোডাকশন হাউজ থেকে গানটি প্রকাশ পাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যয়বহুল এই মিউজিক্যাল ফিল্মটি ঈদের দিন সন্ধ্যায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

×