করপোরেট দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা-প্রেম-ক্ষমতার দ্বন্দ্বে ‘রফতার’
রাজকুমার রাও ও কীর্তি সুরেশ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১৮:৩৯
বলিউড অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী কীর্তি সুরেশ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন নতুন সিনেমা ‘রফতার’-এ। সম্প্রতি অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা দিয়েছে, সিনেমাটি আগামী ২৪ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিটি পরিচালনা করছেন আদিত্য নিম্বালকার। প্রযোজনা করছেন অভিনেত্রী পত্রলেখা, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কাম্পা ফিল্মের ব্যানারে।
‘রফতার’-এর গল্প আবর্তিত হয়েছে উচ্চঝুঁকিপূর্ণ করপোরেট ও স্টার্টআপ জগতকে ঘিরে। যেখানে উচ্চাকাঙ্ক্ষা সাম্রাজ্য গড়ে তোলে, আবার সাফল্যের পেছনে দিতে হয় বড় মূল্য। গল্পের কেন্দ্রে রয়েছে দ্রুত উত্থান ঘটানো একটি স্টার্টআপ এবং এক উচ্চাভিলাষী নারী ও পুরুষের জটিল সম্পর্ক।
অর্থ, ক্ষমতা ও লোভের প্রতিযোগিতায় যখন সাফল্যের দৌড় তীব্র হয়ে ওঠে, তখন তাদের ব্যক্তিগত সম্পর্কেও তৈরি হয় টানাপোড়েন। উত্থান যতটা নেশার মতো, পতনের পর প্রশ্নটা ততটাই কঠিন-তারা কি আবার শীর্ষে ফিরতে পারবে, নাকি এখানেই সবকিছুর শেষ?
সব মিলিয়ে করপোরেট দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা, প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বকে ঘিরে তৈরি ‘রফতার’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা আগামী ২৪ জুলাইয়ের, যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রাজকুমার রাও ও কীর্তি সুরেশের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজত কাপুর, তানিয়া মানিকতলা, রোহান বিরমা ও অনুরাগ ঠাকুর। সূত্র:বলিউড হাঙামা
- বিষয় :
- কীর্তি সুরেশ
- রাজকুমার রাও
- বলিউড
