ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আনন্দমেলায় নাবিলার সঙ্গী ইরফান সাজ্জাদ

আনন্দমেলায় নাবিলার সঙ্গী ইরফান সাজ্জাদ
×

মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৪৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৪৮

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ আবারও সাজানো হচ্ছে নানা আয়োজনে। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও অভিনেতা ইরফান সাজ্জাদ। গত বছরও এ অনুষ্ঠানে নাবিলাকে উপস্থাপনা করতে দেখা গেছে। 

এর আগে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করলেও ‘আনন্দমেলা’র মঞ্চে এই প্রথমবারের মতো উপস্থাপনা করছেন ইরফান সাজ্জাদ। 

শুক্রবার বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এর দৃশ্যধারণ। বিটিভির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের ‘আনন্দমেলা’ সাজানো হয়েছে নাচ, গান, নাটিকা ও বিশেষ পরিবেশনায়। জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে তৈরি করা হয়েছে নানা রঙের বিনোদনের আয়োজন, যা ঈদের রাতে দর্শকদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনবে।

আনন্দমেলা উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আনন্দমেলা আমার কাছে সব সময়ই বিশেষ একটি আয়োজন। এর আগে উপস্থাপনার সুযোগ পেয়েছি, তাই এবারের আয়োজনে আবার যুক্ত হতে পেরে ভালো লাগছে। ঈদের অনুষ্ঠানে দর্শকদের জন্য সব সময়ই কিছু বিশেষ করার চেষ্টা থাকে। অনেক তারকাশিল্পীরা থাকছেন এ আয়োজনে। আশা করছি, এবারের পর্বটিও দর্শকদের ভালো লাগবে।’

অন্যদিকে প্রথমবারের মতো ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে পেরে উচ্ছ্বসিত ইরফান সাজ্জাদ। এ অভিনেতা বলেন, ‘আনন্দমেলা ৫০ বছর পূর্ন করতে যাচ্ছে এ বছর। সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের। নাবিলা একজন জনপ্রিয়া উপস্থাপক। তাঁর  সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ হবে। দু’জন মিলে চেষ্টা থাকবে দর্শকদের জন্য প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দিতে।’

আনন্দমেলা প্রযোজনা করছেন হাসান রিয়াদ, আফরোজা সুলতানা ও ইয়াসমিন আক্তার। 

জানা গেছে, ঈদের দিন রাতে প্রচার হবে ‘আনন্দমেলা’। উপস্থাপনার ব্যস্ততা ছাড়া নাবিলা ও ইরফান সাজ্জাদকে দেখা যাবে ঈদের একাধিক আয়োজনে। 

আরও পড়ুন

×