ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পান্থ কানাইয়ের ‘আবার চুমকি’, সত্তর দশকের স্টাইলে বাশার-পারশা

পান্থ কানাইয়ের ‘আবার চুমকি’, সত্তর দশকের স্টাইলে বাশার-পারশা
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১৭:৩৪

বাংলা গানের ভাণ্ডারে অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। খুরশীদ আলমের কণ্ঠে ‘দোস্ত দুশমন’ সিনেমায় গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পান্থ কানাই গানটি রিমেক করলে সেটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় বহু বছর পর এবার ঈদে ‘চুমকি’ নিয়ে নতুন করে হাজির হচ্ছেন পান্থ কানাই। নতুন গানটির শিরোনাম ‘আবার চুমকি’। চাঁদরাতে গানচিল মিউজিক–এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। ঈদের দিন গানচিল মিউজিক–এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

নতুন এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটি নির্মাণ করা হয়েছে ৬০-৭০ দশকের আবহে, যেখানে পুরনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটে উঠবে।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, খুরশীদ আলমের গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী সৃষ্টি। সেই গান রিমেক করার পর দারুণ সাড়া পেয়েছিলাম। এবার দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে ‘আবার চুমকি’। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। গানটির ভিডিওতেও আমি অংশ নিয়েছি।

মডেল খায়রুল বাসার বলেন, ‘চুমকি চলেছে একা পথে’ আমাদের প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। সেই গানের ধারাবাহিকতায় নতুন গান ‘আবার চুমকি’-তে কাজ করতে পেরে ভালো লেগেছে। এটি আমার সঙ্গে অংশু ভাইয়ের প্রথম কাজ। তার মিউজিক ভিডিও সব সময়ই দৃষ্টিনন্দন হয়। খুব বেশি মিউজিক ভিডিও করা হয়নি আমার, তবে এই কাজটি আলাদা অভিজ্ঞতা। গানটির মধ্যে ফান ও উৎসবের একটা দারুণ মুড রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।

পারসা ইভানার সঙ্গে এটিই বাসারের প্রথম জুটি হিসেবে কাজ। ভিডিওটিতে দুজনকেই দেখা যাবে ভিন্ন এক লুকে, যেখানে ৬০-৭০ দশকের স্টাইলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভিডিও নির্মাণ প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, এটি মূলত গল্পভিত্তিক কোনো ভিডিও নয়, বরং একটি আনন্দময়, ফান-লাভিং গান। ‘চুমকি চলেছে একা পথে’ গানটির ঐতিহ্য মাথায় রেখেই নতুনভাবে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। সেট, কস্টিউম এবং পারফরম্যান্স—সবকিছুতেই সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘চুমকি চলেছে একা পথে’ বাংলা গানের একটি বড় সম্পদ। খুরশীদ আলমের পর পান্থ কানাই গানটিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। এবার ‘আবার চুমকি’ সেই ধারাবাহিকতাকেই আরও এগিয়ে নেবে। আমার বিশ্বাস, ঈদের আনন্দকে এই গান আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন

×