মনস্তাত্ত্বিক থেকে ভালোবাসার গল্প, ঈদে রিংকুর বৈচিত্র্যময় পাঁচ নাটক
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৯:৩১ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১৯:৩২
রাফাত মজুমদার রিংকু—ছোট পর্দার জনপ্রিয় এক নির্মাতা, যার নামের সঙ্গে জড়িয়ে আছে ‘বোধ’, ‘পতঙ্গ’, ‘কবর’, ‘পুতুলের সংসার’-এর মতো দর্শকপ্রিয় বহু নাটক। বরাবরের মতোই ঈদ উৎসবকে ঘিরে মানসম্পন্ন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের জন্য রিংকু নিয়ে আসছেন পাঁচটি নতুন নাটক—‘এক মুঠো সুখ’, ‘পুতুলের বিয়ে’, ‘আমি খুনি বলছি’, ‘ভুল করেও ভালোবাসা হয়’ এবং ‘আমার হয়ে থেকো’।
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জীবনের টানাপোড়েন আর বাস্তবতার গল্প নিয়ে নির্মিত ‘এক মুঠো সুখ’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন গোলাম সারোয়ার অনিক। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, শিল্পী সরকার, আব্দুল্লাহ রানা ও মাসুদ মহিউদ্দিনসহ অনেকে।
অন্যদিকে ‘পুতুলের বিয়ে’ নাটকে উঠে এসেছে ফাংশনাল সাইকোসিস ডিসঅর্ডারের মতো জটিল একটি বিষয়। আহমেদ তাওকীরের রচনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা, মীর রাব্বি, শাহিদুজ্জামান সেলিম, মোমেনা চৌধুরী ও সামিয়া অথৈ।
মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্যারানয়েড সমাজ বাস্তবতার ভিন্ন এক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত হয়েছে ‘আমি খুনি বলছি’। অর্ক মোস্তফার গল্পে তৈরি এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিকা আমিন, আয়শা খান, শাহিদুজ্জামান সেলিম, সাবেরি আলম ও সমাপ্তি মাসুক।
সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি আর দুই মানুষের পাশাপাশি থাকার গল্পে নির্মিত ‘ভুল করেও ভালোবাসা হয়’। এটিও লিখেছেন অর্ক মোস্তফা। এতে অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, শাহিদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।
এছাড়া শারীরিক সীমাবদ্ধতা জয় করে ভালোবাসার অনন্য গল্প নিয়ে আসছে ‘আমার হয়ে থেকো’। নাসির খানের রচনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান, আয়শা খান, মনিরা মিঠু ও সাবেরি আলম।
নির্মাতা রিংকু জানান, তিনি সবসময় সমাজের চেনা বাস্তবতাকে ভিন্ন দৃষ্টিতে উপস্থাপন করতে চান—যে গল্প দর্শককে ভাবাবে, নাড়া দেবে। ঈদের এই পাঁচটি নাটক নিয়েও তিনি বেশ আশাবাদী। তার প্রত্যাশা, বরাবরের মতোই দর্শক ভালোবাসা দিয়ে গ্রহণ করবে তার নতুন কাজগুলো।
