ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদের আগমনী আনন্দে শিল্পকলায় ‘চাঁদ রাতের উৎসব’

ঈদের আগমনী আনন্দে শিল্পকলায় ‘চাঁদ রাতের উৎসব’
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১৬:০৪

ঈদের চাঁদ দেখার আনন্দকে ঘিরে রাজধানীতে আবারও বসছে উৎসবের আসর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির নন্দনমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে।

ঈদকে কেন্দ্র করে নগরজীবনের ব্যস্ততার মাঝে খানিকটা স্বস্তি আর উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এই আয়োজন। সঙ্গীত, সৌহার্দ্য আর মিলনমেলার এক অনন্য সমন্বয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং স্বাগত বক্তব্য দেবেন সচিব মোহাম্মদ জাকির হোসেন।

রেজাউদ্দিন স্টালিন বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতিরও প্রতীক। আমরা চাই সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করুক। ভিন্নতার মাঝে ঐক্যই হোক আমাদের শক্তি।এই বিশ্বাস থেকেই এমন আয়োজন।

তিনি আরও বলেন, একটি মানবিক, সহনশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সেই লক্ষ্যেই শিল্পকলা একাডেমি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির উৎসবকে সমান গুরুত্ব দিয়ে উদযাপন করে আসছে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। মঞ্চে গান শোনাবেন বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়ালসহ আরও অনেকে।

শুধু সঙ্গীতানুষ্ঠানই নয়, দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে মেহেদী কর্ণার, যেখানে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবেন সবাই।

উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে নগরবাসীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

আরও পড়ুন

×