ঈদে তিন তারকাকে নিয়ে ‘রাতাড্ডা উইথ তানভীর’
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৭:১৪
ঈদ উপলক্ষে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিশেষ আয়োজনের ভিড়ে ভিন্ন মাত্রা যোগ করছে পডকাস্ট রাতাড্ডা উইথ তানভীর। দীর্ঘ আট বছর ধরে প্রচারিত এই অনুষ্ঠানটি এবার ঈদে তিন দিনব্যাপী বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে। এতে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের তিন ভিন্ন ক্ষেত্রের তারকা।
ঈদের দিন প্রচারিত প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা বনলতা এক্সপ্রেস-এ অভিনয় প্রসঙ্গসহ ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
দ্বিতীয় দিনের পর্বে দেখা যাবে অভিনেত্রী দীপা খন্দকারকে। ধারাবাহিক এটা আমাদেরই গল্প-এর এই অভিনেত্রী বর্তমান সামাজিক নাটকের ধারা, এর প্রয়োজনীয়তা এবং টেলিভিশন নাটকের পরিবর্তিত বাস্তবতা নিয়ে মতামত তুলে ধরেছেন।
তৃতীয় দিনের পর্বে থাকছেন সংগীতশিল্পী দোলা রহমান। ‘চাঁদ মামা’, ‘মন দরিয়া’ ও ‘মিনতি’র মতো গানের এই শিল্পী সমসাময়িক সংগীতধারা, টিকটক ও রিলস সংস্কৃতির প্রভাব, নিজের সংগীতভাবনা ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।
তিনটি পর্বই প্রতিদিন রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাগো এফএম ৯৪.৪-এ সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানটি নিয়ে উপস্থাপক তানভীর তারেক বলেন, ঈদের অনুষ্ঠান মানেই শুধু গৎবাঁধা প্রশ্নোত্তর নয়। এই সময়ে দর্শক-শ্রোতাদের অবসর বেশি থাকে, তাই দীর্ঘ আলাপের মধ্য দিয়ে অতিথিদের ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়। এতে অতিথিরাও স্বচ্ছন্দে কথা বলতে পারেন।
- বিষয় :
- জাকিয়া বারী মম
- দীপা খন্দকার
