আনন্দ-মানবিক সম্পর্কের গল্প নিয়ে ‘ঈদতন্ত্র’
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৭:৪৫ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১৯:১০
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘ঈদতন্ত্র’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো.আরিফুর ইসলামের লেখা এটি তার প্রথম নাটক। নাটকটি পরিচালনা করেছেন বাপ্পী আলমগীর।
নাটকটিতে অভিনয় করেছেন শায়নি দেওয়ানজী, শতাব্দী ওয়াদুদ, শুভ্রা বিশ্বাস, শাহানা সুমি, সিনথিয়া, আবিদ, মোশারফ পলাশ, তানভীর আহমেদসহ আরও অনেকে।
নাটকটির মূল বার্তা সম্পর্কে মো.আরিফুর ইসলাম বলেন, ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মানবিক মুহূর্তে। পরিবারকে সময় দেওয়া, বড়দের সম্মান করা এবং ছোটদের আনন্দে অংশ নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও, তা যেন সম্পর্ককে দূরে ঠেলে না দেয়-এই বার্তাই তুলে ধরা হয়েছে নাটকটিতে।
আরিফুর আরও বলেন, ঈদ আমাদের নতুন করে মনে করিয়ে দেয়-মানুষের সবচেয়ে বড় সম্পদ তার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়। এই উপলব্ধি যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবে ঈদের আনন্দ শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা আমাদের প্রতিদিনের জীবনকে আরও মানবিক ও সুন্দর করে তুলবে।
নাটকটিতে সহকারী পরিচালক হিসেবেও যুক্ত ছিলেন আরিফুল ইসলাম। থিয়েটারকর্মী হিসেবে তিনি বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক নাটক নিয়ে কাজ করছেন।
ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২৫ মিনিটে এটি প্রচারিত হবে।
- বিষয় :
- শতাব্দী ওয়াদুদ
