এখন ঈদ মানে কিছুটা আনন্দ, কিছুটা কষ্ট: ঐশী
ফাতেমাতুজ জাহরা ঐশী। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ১৩:০২ | আপডেট: ২২ মার্চ ২০২৬ | ১৩:২৯
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। ব্যতিক্রম নেই তারকাদের ক্ষেত্রেও। সাধারণ মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারা। ঈদ এলেও এখন সংগীতশিল্পী ফাতেমাতুজ জাহরা ঐশীর কাছে আনন্দ কিছুটা বিষাদের।
ফাতেমাতুজ জাহরা ঐশী সমকালকে বলেন, ‘২০২২ সালের ২০ মার্চ বাবা আবদুল মান্নানকে হারিয়েছি। তাঁকে হারানোর পর ঈদের অনুভূতিই বদলে গেছে। বাবা নেই প্রায় চার বছর। দেখতে দেখতে এতগুলো বছর চলে গেল। এই মার্চেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজও বাবার শূন্যতা অনুভব করি। বাবা ছিলেন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
তিনি বলেন, ‘গান নিয়ে সবসময় উৎসাহ দিতেন। ঈদের দিনগুলোতে তাঁর সঙ্গে কাটানো সময়গুলো এখন খুব বেশি মনে পড়ে। ঈদের দিন বাবা আমাদের নিয়ে খুব খুশি থাকতেন। ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নিতেন। এখন সেই মানুষটা নেই–এই অনুভূতিটা মেনে নেওয়া খুব কঠিন। বাবা সবসময় বলতেন, ‘তুমি তোমার গানটা মন দিয়ে করো, বাকিটা আল্লাহ দেখবেন।- এই কথাগুলো এখন আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।’

এই সংগীতলিল্পী বলেন, ‘ঈদের দিনগুলোতে যখন গান করি বা কোথাও পারফর্ম করি, মনে হয় বাবা কোথাও থেকে দেখছেন। আগে ঈদ মানেই ছিল পূর্ণতা। এখন ঈদ মানে কিছুটা আনন্দ, কিছুটা কষ্ট। তবে আমি চেষ্টা করি ইতিবাচক থাকতে।’
ঐশীর ভাষ্য, ‘মাকে নিয়ে সময় কাটাই, পরিবারের সঙ্গে থাকি। বাবার শেখানো মূল্যবোধগুলো ধরে রাখার চেষ্টা করি। কখনও কখনও ঈদের সকালে একা বসে বাবার কথা ভাবি। চোখে পানি চলে আসে। কিন্তু এরপর নিজেকে সামলে নেই। কারণ আমি জানি, বাবা চাইতেন আমি শক্ত থাকি, এগিয়ে যাই।’
- বিষয় :
- ঐশী
