স্টার সিনেপ্লেক্সে শাকিবের ‘প্রিন্স’ নিয়ে জটিলতা কি কাটবে
শাকিব খান। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১৩:৩৬ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১৩:৪৬
ঈদে মুক্তি পাওয়া ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা রাজধানী ঢাকাসহ সারা দেশের সিঙ্গেল স্ক্রিন ও কয়েকটি মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলছে। তবে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শনী নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ঈদের দিন এই মাল্টিপ্লেক্সে ‘পিন্স’-এর কোনো শো চলেনি। দ্বিতীয় দিনও ছিল একই চিত্র।
জানা গেছে, নির্ধারিত সময়ে পরিবেশক ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) সরবরাহ করতে না পারা এবং প্রযুক্তিগত জটিলতার কারণেই দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ছবিটি প্রদর্শন করতে পারেনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এ তালিকায় স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখাও ছিল। তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঈদের অন্যান্য সিনেমা—‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’–এর শো-টাইম থাকলেও ‘প্রিন্স’ ছিল না।
তবে রোববার রাত ৮টা ১০ মিনিটে পরীক্ষামূলকভাবে ‘প্রিন্স’-এর একটি শো চালানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এই প্রদর্শনীর মাধ্যমে সাউন্ড ও ভিজ্যুয়ালসহ সবকিছু ঠিক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। পরিবেশকের কাছ থেকে নির্ধারিত সময়ে কনটেন্ট না পাওয়ায় বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, তৃতীয়বারের মতো ডিসিপি জমা দেওয়ার পরও সেটি স্টার সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তবে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে একই ডিসিপিতে সিনেমাটির প্রদর্শনী চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে তারা।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিন্স’-এ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিন, পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু, বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।। এছাড়া আরও অভিনয় করেছেন পিয়ন সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু ও শরীফ সিরাজসহ অনেকে।
পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে যৌথভাবে ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। শিরিন সুলতানা প্রযোজিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ পেয়েছে।
- বিষয় :
- শাকিব খান
- তাসনিয়া ফারিণ
