ঈদের দুইদিন পর সিনেপ্লেক্সে শো পেল প্রিন্স
প্রিন্স সিনেমার পোস্টারে শাকিব খান।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১৯:৩৯
ঈদুল ফিতরে শাকিব খানের সিনেমা প্রিন্স নিয়ে যা ঘটল, তা যেনো ঢাকাই সিনেমার ক্ষেত্রে ইতিহাস হয়ে থাকবে। ঈদের মুক্তির জন্য সিনেমা বানালেও সেই ঈদেই সিনেমাটি মুক্তি দিতে ব্যার্থ হয়েছে প্রযোজক ও নির্মাতা।
ডিসিপি জটিলতায় ঈদের প্রথম দিন স্টার সিনেপ্লেক্সে চলেনি শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। এর ফলে প্রথম দিনে অনেক দর্শক ছবিটি দেখতে না পেয়ে হতাশ হয়েছেন, অনেক দর্শকই শাকিবের সিনেমা না দেখে অন্য সিনেমা দেখেছেন।
তবে দ্বিতীয় দিন রাতে প্রদর্শনের সমস্যা সমাধানের পর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় শো পায় ঈদের অন্যতম আলোচিত এই সিনেমা। রাজধানীর সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমার ৮:১০ থেকে শো শুরু হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায় বলে খবর!
শাকিবের ক্রেজে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে, ঈদ মৌসুমে সিনেপ্লেক্সে বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে এই ছবিটি।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শকের চাহিদার কারণে অতিরিক্ত শো যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ঈদে দেশে সর্বোচ্চ ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’। নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির আগে বুকিংয়ে রেন্টালে কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রিন্স। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সারা দেশের রমরমিয়ে সিনেমাটি চলছে।
