‘রকস্টার’ সিনেমায় কারও জীবনের ছায়া নেই: পান্থ কানাই
পান্থ কানাই। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ২০:১৫
কদিন আগেই প্রকাশ হয়েছে পান্থ কানাইয়ের গাওয়া গান ‘আবার চুমকি’। এবার এলা সিনেমায় অভিনয়ের খবর। ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার গানেও তাকে পাওয়া যাবে তাকে। নতুন কাজ ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।
সম্প্রতি আপনার নতুন গান ‘আবার চুমকি’ প্রকাশ পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
দারুণ সাড়া পাচ্ছি। ‘চুমকি চলেছে একা পথে’ গানটির সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে আছে অনেকদিনের। গানটি যখন রিমেক হয়েছিল, তখনও ভালোবাসা পেয়েছিলাম। এবার ‘আবার চুমকি’ নিয়ে কাজটা করেছি অনেক পরিকল্পনা করে। ঈদের আনন্দের সঙ্গে গানটা মানুষ গ্রহণ করছে– এটাই সবচেয়ে বড় পাওয়া।
‘আবার চুমকি’কে আগের গান থেকে আলাদা কীভাবে বলবেন?
আমরা চেষ্টা করেছি পুরোনো গানের ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মের জন্য একটি ফ্রেশ ফিল দিতে। মিউজিক, অ্যারেঞ্জমেন্ট সবকিছুতেই আধুনিকতা আছে, কিন্তু ভিডিওতে আবার ৬০-৭০ দশকের একটা নস্টালজিয়া রাখা হয়েছে। ফলে পুরোনো আর নতুনত্ব দুটোরই একটা মেলবন্ধন হয়েছে।
মিউজিক ভিডিওতে আপনাকেও দেখা যাচ্ছে। এই অভিজ্ঞতা কেমন?
খুব উপভোগ করেছি। আমি মূলত গানের মানুষ, কিন্তু মাঝেমধ্যে ক্যামেরার সামনে দাঁড়ানোটা অন্যরকম অনুভূতি দেয়। বিশেষ করে এই ভিডিওতে একটা ফান-লাভিং মুড ছিল, সেটাও উপভোগ করেছি।
এবার আসি ‘রকস্টার’ সিনেমা প্রসঙ্গে। এখানে আপনাকে অভিনয় ও গান– দুটোতেই পাওয়া যাবে...
সত্যি বলতে, এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ। শাকিব খান একজন সুপারস্টার। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব, ভাবতেই ভালো লাগছে। তাঁর সঙ্গে আমার বেশি কাজ। আমি তো টুকটাক অভিনয় করি। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু জানা হবে। নির্মাতার কাছ থেকে ইতোমধ্যে চরিত্রটি বুঝে নিয়েছি। আশা করছি, দর্শক আমাদের এই কাজটি পছন্দ করবেন। সিনেমার গল্পটা খুবই ইন্টারেস্টিং। এর আগে সিনেমায় গান গেয়েছি, কিন্তু সেগুলো ব্যবহার হয়নি একটু আফসোস ছিল। এবার অভিনয় ও গান– দুটোই করতে পারছি, তাই এক্সাইটেড।
শোনা যাচ্ছে, সিনেমাটির গল্পে একজন রকস্টারের জীবন উঠে আসবে। অনেকেই বলছেন, এটি কি জেমস-এর জীবনের ছায়া থেকে অনুপ্রাণিত?
[হাসি] যে কোন সিনেমা নির্মাণের ঘোষণা এলে এই ধরনের আলোচনা তো থাকবেই। রকস্টার সিনেমায় কারও জীবনের ছায়া নেই। এসব প্রশ্ন অমূলক। তবে আমি বলব, এটা একটি ফিকশনাল গল্প। একজন রকস্টারের জীবন, তাঁর উত্থান-পতন এসব বিষয় নিয়েই গল্প। বাস্তবের সঙ্গে কিছু মিল খুঁজে পেতে পারেন দর্শক, কিন্তু সরাসরি কারও বায়োপিক নয়।
আপনার সংগীত স্কুল ‘ড্রামবাজ’ নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে?
অবশ্যই আছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থেমে গিয়েছিল, কিন্তু স্বপ্নটা এখনও বেঁচে আছে। নতুন প্রজন্মকে গান, গিটার, ড্রামস শেখাতে চাই। এটাই লক্ষ্য। গানের ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না।
সামনে কী কী পরিকল্পনা রয়েছে?
নতুন কিছু গান নিয়ে কাজ করছি। পাশাপাশি ‘রকস্টার’ সিনেমার কাজের প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এর দৃশ্যধারণ শুরু হবে। শুটিং লোকেশন এখনও আমাকে জানানো হয়নি। আমি চাই, নিয়মিত ভালো কাজের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে থাকতে।
আপনার ভক্তদের জন্য কিছু বলবেন?
সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। ‘আবার চুমকি’ শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। সামনে আরও ভালো কাজ নিয়ে হাজির হতে চাই।
- বিষয় :
- পান্থ কানাই
- সিনেমা
- গান
- অভিনয়
