মা হয়েছেন সোনম, ছেলে হলো না মেয়ে?
সোনম কাপুর। ছবি:সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৪:৩২ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১৪:৩৩
আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে কাপুর ও আহুজা পরিবারে। বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন—এই সুখবর নিজেই আজ সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা। খবর এই সমেয়র। এর আগে ২০২২ সালে প্রথমবার মা হয়েছিলেন সোনম। তাঁদের প্রথম সন্তান বায়ু কাপুর আহুজা এখন প্রায় তিন বছরের। নতুন সদস্যকে ঘিরে পরিবারে এখন উৎসবের আবহ, আর ছোট ভাইকে পেয়ে বায়ুও নাকি ভীষণ খুশি—এ কথাও জানিয়েছেন দম্পতি।
২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। তবে এই বিয়ের আগে দীর্ঘ আট বছর সম্পর্কে ছিলেন তাঁরা। বিয়ের পর মূলত লন্ডনে সংসার শুরু করলেও প্রথম সন্তানের জন্মের পর থেকে মুম্বই ও দিল্লির মধ্যেই বেশি সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।
দ্বিতীয়বার মা হওয়ার খবর তিনি ২০২৫ সালের নভেম্বরে প্রকাশ করেছিলেন। তারপর থেকে নিজের গর্ভাবস্থার নানা মুহূর্ত নিয়মিত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে—কখনও ফটোশুট, কখনও সাধভক্ষণ, আবার কখনও সন্তানের জন্য কেনাকাটার ছবি।তবে একটি বিষয় নিয়ে এখনও কৌতূহল রয়ে গেছে ভক্তদের মধ্যে। বড় ছেলে বায়ুর মুখ এখনও প্রকাশ্যে আনেননি সোনম। ফলে প্রশ্ন উঠছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি একই সিদ্ধান্ত নেবেন তিনি, নাকি এবার একসঙ্গে দুই সন্তানের পরিচয় করিয়ে দেবেন সকলের সামনে?
উল্লেখ্য, সোনম কাপুর শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ফ্যাশন আইকন হিসেবেও সমান জনপ্রিয়। তিনি বলিউড অভিনেতা অনিল কাপুর এর কন্যা এবং নিজের স্বতন্ত্র স্টাইল ও অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন।
নতুন অতিথির আগমনে সোনম কাপুরের জীবনে শুরু হলো আরেকটি আনন্দঘন অধ্যায়। এখন দেখার, মাতৃত্বের এই নতুন পর্ব তিনি কীভাবে উপভোগ করেন এবং ভক্তদের সঙ্গে কতটা ভাগ করে নেন। তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।
- বিষয় :
- সোনম কাপুর
- বলিউড অভিনেত্রী
