রাহুলের মৃত্যু, আইনি পথে স্ত্রী প্রিয়াঙ্কাসহ শিল্পীরা
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৬:০২ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ২২:৪৭
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি। দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালে তার মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কি না—এসব নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।
ঘটনার পর থেকেই শিল্পীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অভিনেত্রী চৈতি ঘোষালসহ অনেকেই এই মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। প্রযোজনা সংস্থার নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে আর্টিস্ট ফোরাম।
সম্প্রতি এক বৈঠকে শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারসহ একাধিক তারকা। ওই বৈঠক থেকে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার।
সূত্র বলছে, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে শিগগিরই আইনি নোটিশ পাঠাবে আর্টিস্ট ফোরাম। পাশাপাশি অভিযোগ দায়েরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
এদিকে তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসলেও পুরো ঘটনার চিত্র এখনো অস্পষ্ট। পুলিশ ইতিমধ্যে ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে রয়েছেন শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গেছে, সমুদ্রে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গভীরতা বেড়ে গেলে ভারসাম্য হারান রাহুল। তবে তাকে উদ্ধারের সময় নিয়ে রয়েছে ভিন্নমত। কেউ বলছেন দ্রুত উদ্ধার করা হয়েছিল, আবার স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে দীর্ঘ সময় পানির নিচে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এতে ফুসফুস, খাদ্যনালি ও পাকস্থলীতে বালি ও নোনা পানি ঢোকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফলে উদ্ধার-সংক্রান্ত তথ্য নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
সব মিলিয়ে এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে এবং দায় নির্ধারণে এখন আইনি পথেই হাঁটতে চান শিল্পীরা। সূত্র: সংবাদ প্রতিদিন ও দ্য ওয়াল
- বিষয় :
- প্রিয়াঙ্কা সরকার
- টালিউড
- সিনেমা
- অভিনয়
