ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিত্রা হয়ে উঠতে আমি সব রকমের চেষ্টা করে গেছি: সাবিলা নূর

চিত্রা হয়ে উঠতে আমি সব রকমের চেষ্টা করে গেছি: সাবিলা নূর
×

সাবিলা নূর। ছবি: সমকাল

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২০:০১ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ২০:০৭

সাবিলা নূর। অভিনেত্রী। ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা বনলতা এক্সপ্রেস। হুমায়ূন আহমেদের কিছুক্ষণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। এতে চিত্রা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পাচ্ছেন সাবিলা। প্রথম সিনেমার পর দ্বিতীয় সিনেমায় এই সাফল্যে উচ্ছ্বসিত তিনি। বনলতা এক্সপ্রেসের যাত্রী হওয়ার সাফল্য ও অভিজ্ঞতার নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। 

ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ এখনও মাল্টিপ্লেক্সে দাপট দেখাচ্ছে। মুক্তির পর আপনিও হলে হলে ঘুরেছেন। কেমন অভিজ্ঞতা হয়েছে?

সিনেমাটি মুক্তির পর বসুন্ধরা সিনেপ্লেক্স ও মহাখালী এসকেএস সিনেপ্লেক্সে গিয়েছিলাম। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। বিরতির সময় দর্শকরা কথা বলেছেন। দারুণ উপভোগ করেছেন তারা। বিরতির আগে দর্শকদের মুখে হাসি দেখেছি। আবার বিরতির পর দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। সবকিছু মিলিয়ে দর্শকদের ভালোলাগাটা কাছ থেকে দেখেছি। সিনেমাটি দর্শকরা আপন করে নিয়েছেন। তার ধারাবাহিকতায় ঈদের দুই সপ্তাহ পর সিনেমাটি এখনও হাউসফুল শো যাচ্ছে। 

আপনি তো চিত্রা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে দর্শকরা কীভাবে নিচ্ছেন?

চিত্রা চরিত্রের জন্য দর্শকদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। দর্শকরা আমাকে বলেছেন, চিত্রা চরিত্রটি নিয়ে তারা যেভাবে কল্পনা করেছেন, সেভাবেই পর্দায় পেয়েছেন। আমার কাছের মানুষরাও চিত্রা চরিত্রটির প্রশংসা করেছেন। মুক্তির পর নানাজনের কাছ থেকে প্রশংসা পাচ্ছি, একজন অভিনেতার কাছে এটাই তো বড় আনন্দের বিষয়।  

সিনেমাটি আপনি নিজে হলে বসে দেখেছেন?

মুক্তির পর পরই দুইবার দেখেছি, প্রথমে  পুরোপুরি দেখতে পারিনি। কেননা, একবার শুরু হওয়ার কিছুক্ষণ পর ঢুকেছি। দ্বিতীয়বারও পুরোটা দেখতে পারছিলাম না। পরে একটা কাজে দেশের বাইরে চলে যাই। দেশে ফিরে আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের নিয়ে একসঙ্গে পুরো সিনেমাটা দেখলাম।

নিজে দেখার পর চিত্রার কোনো ভুল ধরতে পারলেন, এমন কী মনে হলো, আরও ভালো করা যেত?

আসলে কতটা চিত্রা হয়ে উঠতে পেরেছি তা তো বলবেন দর্শকরা, তারাই ভুল ধরবেন, তারাই ভালো বলবেন। আমি সিনেমাটা দেখেছি সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। যতক্ষণ সিনেমাটি দেখেছি, ততক্ষণ গল্পের ভেতরে ডুবে ছিলাম। মনে হচ্ছিল সবার সঙ্গে আমরাও একটা ট্রেনে করে জার্নি করছি। মাঝেমধ্যে আশপাশের সবার মাঝের উচ্ছ্বাস ফলো করছিলাম। তবে ভালোর তো শেষ নেই। মনে হয়েছে, আরও বেশি বেশি চেষ্টা করলে হয়তো আরও ভালো করতে পারতাম। 

সিনেমাটি হুমায়ূন আহমেদের বহুল পঠিত উপন্যাস ‘কিছুক্ষণ’-এর অবলম্বনে। গল্পটি যেহেতু পাঠকের পড়া। তাই চিত্রা হয়ে উঠতে বাড়তি চাপ কেমন ছিল? 

কিছুক্ষণের চিত্রা সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন। এমন পরিচিত চরিত্রে অভিনয় করতে বেশ চাপে থাকতে হয়। আমার বেলাতেও ব্যতিক্রম ছিল না। বলতে পারেন, এটা আমার জন্য চ্যালেঞ্জও ছিল। সেই চ্যালেঞ্জটা আমি ওভারকাম করতে যা যা করা দরকার সব করতে প্রস্তুতও ছিলাম; পাশাপাশি নার্ভাসও ছিলাম। সেই জন্য বারবার গল্পটা পড়েছি, চিত্রাকে অনুভব করার চেষ্টা করেছি, বাস্তব জীবনেও চিত্রার মতো চলাফেরা করার চেষ্টা করেছি। শুটিংয়ে এসে সব সহজ করে দিয়েছে বনলতা এক্সপ্রেস টিম। বিশেষ করে তানিম নূর ভাই আমাকে সত্যিকারের চিত্রা বানিয়ে ছেড়েছেন। আর চারপাশে এত বড় বড় অভিনেতা তাদের দেখে, তাদের পরামর্শে আমি সত্যকারের চিত্রা হয়ে উঠতে পেরেছি। চাপও কমে গিয়েছিল। 

বলছিলেন বনলতা এক্সপ্রেসে একঝাঁক বড় বড় অভিনেতা কাজ করেছেন। সিনেমায় তাদের অভিনয় কেমন লাগল?

সবাই খুবই ভালো করেছেন। কেউ কম নন। তারপরও বলছি, মোশাররফ করিম ভাই দুর্দান্ত অভিনয় করেছেন। শামীমা নাজনীন আপা খুব ভালো করেছেন। শরিফুল রাজ, চঞ্চল ভাই, শ্যামল মাওলা, বাঁধন আপা, মম আপা কাউকেই আপনি নিজ নিজ চরিত্রে কম পাবেন না। এই সিনেমার অন্যতম বড় দিক হচ্ছে সিনেমাটি যখন দেখবেন আপনি গল্পের ভেতরে ডুবে যাবেন, মনে হবে ট্রেনে আপনিও যাত্রী। সবকিছু আপনার পাশেই ঘটছে। প্রতিটি চরিত্র বাস্তব হয়ে উঠবে। প্রতিটি চরিত্রে সবাই দারুণ করেছে। 

‘বনলতা এক্সপ্রেস’-এর সঙ্গে ঈদে রাক্ষস সিনেমাটিও মুক্তি পেয়েছে। এই সিনেমাতেও আপনার নায়িকা হওয়ার কথা ছিল...

রাক্ষস সিনেমা বানিয়েছেন মেহেদি হাসান হৃদয়। তাঁর অনেক নাটকে আমি কাজ করেছি। আমার বন্ধু সিয়াম আহমেদ নায়ক। রাক্ষস আমাদেরই সিনেমা। আমার পরিবারের সিনেমা বলতে পারেন। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটাও ভালো যাচ্ছে। হাউজফুল যাচ্ছে। তবে এই সিনেমায় আমার কাজ করার বিষয়টি কিন্তু অফিসিয়ালি ঘোষণা ছিল না। তবে বলতে পারেন প্রস্তাব ছিল। দুটি সিনেমা একই শিডিউল হওয়ায় রাক্ষস করা হয়নি। এর আগেই আমি বনলতা এক্সপ্রেস-এ চুক্তিবদ্ধ হয়েছিলাম। 

শাকিব খানের বিপরীতে তাণ্ডব দিয়ে আপনার অভিষেক হয়, এবার নাকি শাকিব খানের বিপরীত রকস্টার সিনেমারও নায়িকা আপনি?

কে বলল? যেহেতু অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। তাই আমি কিছুই জানাতে পারছি না। আনুষ্ঠানিক ঘোষণা এলে তখন সবাই জানতে পারবেন।
 

আরও পড়ুন

×