ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সন্ধ্যা ছয়টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ছয়টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৪:৩২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ১৪:৩৩

ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতেই প্রেক্ষাগৃহমুখী দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, ৫ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে, যা কার্যকর হবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত।

৪ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারাও এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ফলে প্রেক্ষাগৃহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়—প্রাইম টাইম শোগুলো—এখন আপাতত বন্ধ থাকছে।

এদিকে যেসব দর্শক আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়ায় সব অগ্রিম টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।

ব্লকবাস্টারের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের  দর্শকদের মধ্যেও। কারণ, দেশের অধিকাংশ সিনেমাপ্রেমীই সন্ধ্যার পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি নির্দেশনা তারা পর্যালোচনা করছেন। তবে আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সব শো স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ধাপে ধাপে তাদের ওয়েবসাইটে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, এই দুই দিনের জন্য আগাম টিকিট বিক্রি না করায় দর্শকদের রিফান্ড সংক্রান্ত জটিলতায় পড়তে হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু এই দুটি মাল্টিপ্লেক্স নয়—দেশের অন্যান্য প্রেক্ষাগৃহও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত ইতোমধ্যেই ঈদকেন্দ্রিক জমে ওঠা সিনেমা বাজারে নতুন করে ধাক্কা দিতে পারে।

আরও পড়ুন

×