চা বাগান শ্রমিকদের জীবনের গল্পে সাফা-পার্থদের ‘চা গরম’
সাফা কবির ও পার্থ শেখ। ছবি: চরকির সৌজন্যে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ১৫:২৮
চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবন মানের কিছু কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্মি ‘চা গরম’। এতে চা বাগানের সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করা হয়নি বরং চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের জীবনমানও তুলে ধরা হয়েছে বলে জানালেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত।
তিনি জানান, বৈশাখকে কেন্দ্র করে ১৪ এপ্রিল চরকিতে মুক্তি পাবে এটি। আজ প্রকাশ পেয়েছে ফিল্মটির অফিশিয়াল পোস্টার।
‘চা গরম নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে—সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি।’
আশ্চর্যজনকভাবে শঙ্খ দাশগুপ্ত জানালেন, যখন তিনি চা বাগানে গিয়ে গল্প তৈরির জন্য থাকা শুরু করলেন, তখন জানতে পারলেন চা বাগান সম্পর্কে খুব বেশি কিছু তিনি জানেন না, এমনকী সাধারণ মানুষও জানেন না। সে জানা, না জানা গল্পই হয়তো এবার ‘চা গরম’ কনটেন্টে দেখানোর প্রয়াস নিয়েছেন নির্মাতা। ধাপে ধাপে আরও চমকে যাওয়ার মতো তথ্য জানাবেন বলে জানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত।
বৈশাখে যেমন পুরনো গ্লানিকে পেছনে ফেলে নতুনের আহ্বান থাকে, ‘চা গরম’ ফিল্মেও কী তেমন কিছু থাকবে? কিছু বলেননি নির্মাতা। তবে তরুণ শিল্পীদের দিয়েই কাজটি করিয়েছেন তিনি। ফিল্মটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি।
অভিনেত্রী সাফা কবির বলেন, ‘চা গরম এর প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সবসময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে, গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। এই বিষয়টাই আমাকে এই কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।’
নির্মাতাকে দেখে কাজে যুক্ত হতে চেয়েছেন অভিনেতা রেজওয়ান পারভেজও। তিনি বলেন, ‘পরিচালকের সাম্প্রতিক কাজগুলো দেখে মনে হয়েছিল যে তার সঙ্গে একটা কাজ করতে পারলে ভালো লাগবে। সেই সুযোগ পেলাম, তার সঙ্গে যে চরিত্রটা পেলাম সেটাও খুব চ্যালেঞ্জিং। এ কথা কেন বলছি, সেটা টিজার বা ট্রেলার দেখতে বুঝতে পারবেন।’
