সুচিত্রা সেনের জন্মদিনে সোনালী দিনে ফিরে মেয়ে মুনমুন
সুচিত্রা সেন ও তার মেয়ে মুনমুন সেন। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৯:১৭ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ১৯:৪২
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘নায়িকা’ শব্দটির সঙ্গে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, তিনি সুচিত্রা সেন। রূপ, অভিনয় আর রহস্যময় ব্যক্তিত্বে যিনি হয়ে উঠেছিলেন মহানায়িকা। আজ তার ৯৫তম জন্মদিন। বিশেষ এই দিনে সামনে এসেছে মা-মেয়ের এক অনন্য সম্পর্কের গল্প।
পর্দার আড়ালের সেই মানুষটিকে রূপে-গুণে সাজিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তারই কন্যা মুনমুন সেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে এমনটাই জানিয়েছেন মুনমুন।
মায়ের জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে মুনমুন সেন জানান, ছোটবেলা থেকেই সুচিত্রা সেনের পোশাক ও রূপসজ্জার নানা বিষয়ে তিনি যুক্ত ছিলেন। এমনকি ‘ফরিয়াদ’ সিনেমায় সুচিত্রা সেনের পরা একটি বিখ্যাত গাউনের নকশা করেছিলেন মুনমুন নিজেই।
এছাড়া কালজয়ী ‘দেবী চৌধুরাণী’ সিনেমায় ব্যবহৃত ব্লাউজের নকশাও তার করা বলে জানা যায়। মায়ের অভিনীত বিয়ের দৃশ্যে কপালের চন্দন পরানোর কাজটিও করতে চাইতেন সুচিত্রা সেন। সেই কাজটি করতেন ছোট্ট মুনমুন।

মুনমুন সেন আরও জানান, ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও সুচিত্রা সেন ছিলেন অত্যন্ত সংসারমুখী। শুটিং শেষে বাড়ি ফিরে মেয়ের আঁকা আলপনা বা অন্যান্য সৃজনশীল কাজে আনন্দ পেতেন তিনি এবং সবসময় উৎসাহ দিতেন।
সূচিত্রা সেন ১৯৩১ সালে ৬ এপ্রিল পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিনী। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা।
১৯৫২ খ্রিষ্টাব্দে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। পরের বছর মহানায়ক উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমায় তিনি অভিনয় করেন।
এ জুটির মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো– ‘অগ্নিপরীক্ষা’, ‘সবার উপরে’, ‘পাপমোচন’, ‘শিল্পী’, ‘সাগরিকা’, ‘পথে হলো দেরি’, ‘হারানো সুর’, ‘গৃহদাহ’, ‘প্রিয় বান্ধবী’। ১৯৫৫ খ্রিষ্টাব্দের ‘দেবদাস’ ছিল সুচিত্রা সেন অভিনীত প্রথম হিন্দি সিনেমা। ১৯৭৮ খ্রিষ্টাব্দ থেকে অজ্ঞাত কারণে লোকচক্ষুর আড়ালে চলে যান সুচিত্রা সেন।
১৯৭২ খ্রিষ্টাব্দে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ পান সুচিত্রা সেন। এ ছাড়া ২০১২ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের বাংলাবিভূষণ সম্মাননা দেওয়া হয় তাঁকে। ২০১৪ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে তিনি পরলোকগমন করেন।
- বিষয় :
- সুচিত্রা সেন
- মুনমুন সেন
- সিনেমা
- অভিনয়
