ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জন্মদিনে ন্যাড়া মাথা-লোমে ঢাকা শরীরে দেখা দিলেন আল্লু অর্জুন

জন্মদিনে ন্যাড়া মাথা-লোমে ঢাকা শরীরে দেখা দিলেন আল্লু অর্জুন
×

‘রাকা’-এর ফার্স্ট লুকে আল্লু অর্জুন। ছবি: এক্স

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১৪:৪৮

ন্যাড়া মাথা, শরীরে লম্বা লোম, তীক্ষ্ণ নখ, সুরমা চোখে রহস্যময় চাহনি। নিজের জন্মদিনে দাক্ষিণী তারকা আল্লু অর্জুনের এমন লুক ভক্তদের কৌতূহলের পারদ বাড়িয়েছে। কোনো রকম লুকোচুরি না করে আল্লু নিজেই জানিয়ে দিলেন এটি তার আসন্ন সিনেমা ‘রাকা’-এর ফার্স্ট লুক।

অ্যাটলি কুমার পরিচালিত কাল্পনিক-বিজ্ঞান ঘরানার এই সিনেমার বাজেট প্রায় ৮০০ কোটি রুপির বেশি। এতে আল্লুর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে আল্লু অর্জুন, যা একেবারে ‘জান্তব’ অবতার। পুনর্জন্মের গল্পে নির্মিত এই ছবিতে অতীত ও বর্তমান—দুই সময়কালকে একসঙ্গে তুলে ধরা হবে।

আল্লু অর্জুন। ছবি: এক্স

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। ৮ এপ্রিল ৪৪ বছরে পা রাখা এই তারকার জন্মদিন ঘিরে এবারও হায়দরাবাদজুড়ে ছিল জমজমাট আয়োজন।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সাফল্যের পর জাতীয় পর্যায়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া এই তারকার এক ঝলক দেখার আশায় মঙ্গলবার রাত থেকেই জুবিলি হিলসের বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন হাজারো ভক্ত। কারও হাতে পোস্টার, কারও হাতে ফেস্টুন—আবার কেউ সেজেছেন ‘পুষ্পা’ অবতারে।

তবে এই উচ্ছ্বাসই একসময় রূপ নেয় বিশৃঙ্খলায়। আতশবাজি আর অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও ভক্তদের উন্মাদনা কমেনি।

উল্লেখ্য, শাহরুখ খানকে নিয়ে ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর থেকেই নতুন এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন অ্যাটলি। বিশাল বাজেট, শক্তিশালী কাস্টিং এবং ব্যতিক্রমী গল্প—সব মিলিয়ে ‘রাকা’ যে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে, তা বলাই যায়।

আরও পড়ুন

×