স্বামীর সাফল্য উদযাপনে কোথাও নেই দীপিকা, শুনতে হচ্ছে ‘স্বার্থপর’ মন্তব্য
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৮:৫৮
মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে দেড় হাজার কোটির বেশি আয়-এমন রেকর্ড গড়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন বক্স অফিসের রাজা। এই সাফল্যের হাত ধরেই যেন ক্যারিয়ারের মন্দা কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন রণবীর সিং। তবে স্বামীর এই দুর্দান্ত সাফল্যের সময়ই নীরব থাকায় সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সিনেমাটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানো তো দূরের কথা, একটি শব্দও লেখেননি দীপিকা-এমন অভিযোগে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ প্রশ্ন তোলেন, ‘স্বামীর সাফল্যে কেন চুপ?’ আবার কেউ সরাসরি ‘স্বার্থপর’ বলেও কটাক্ষ করেন। এমনকি দু’জনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিশেষ করে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা বলিউডে ‘গেম চেঞ্জার’ হিসেবে আলোচিত হওয়ায়, ভক্তদের প্রত্যাশা ছিল। দীপিকা অন্তত সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাবেন। প্রিমিয়ারেও তাঁকে দেখা যায়নি, যা নিয়ে বিতর্ক আরও বাড়ে। অন্যদিকে, বলিউড ও দক্ষিণী সিনেমার অনেক তারকাই প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে।
এরই মধ্যে এক নেটিজেন সামাজিক মাধ্যমে একটি জনমত জরিপ চালান-দীপিকার নীরবতা কি পরিকল্পিত, নাকি বিষয়টি নিয়ে অযথাই বেশি আলোচনা হচ্ছে? সেই পোস্ট ভাইরাল হলে বিষয়টি নজরে আসে অভিনেত্রীর।
দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খোলেন দীপিকা। আলাদা করে কোনো পোস্ট না দিয়ে ভাইরাল সেই পোস্টের মন্তব্যেই জবাব দেন তিনি। লিখেছেন, ‘তোমাদের সবার আগে আমি ধুরন্ধর দেখে ফেলেছি। এবার বলো, হাসির পাত্রটা কে?’
অভিনেত্রীর এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্যই এখন নেটদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এক বাক্যেই সমালোচকদের জবাব দিয়ে দিয়েছেন বলিউডের এই শীর্ষ নায়িকা।
- বিষয় :
- বলিউড তারকা
- দীপিকা পাড়ুকোন
