ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এস আই টুটুলের গান তারই প্রাক্তন স্ত্রীকে উৎসর্গ

এস আই টুটুলের গান তারই প্রাক্তন স্ত্রীকে উৎসর্গ
×

এস আই টুটুল ও তানিয়া আহমেদ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৯:৫২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১৯:৫৯

আরেকটি নতুন একক গান প্রকাশ করছেন তারকা কণ্ঠশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘চার দেয়ালে বন্দি’। এর কথা লিখেছেন লিটন ঘোষ জয়। সুর ও সংগীতায়োজনের গানের প্রযোজনাও করেছেন শিল্পী এস আই টুটুল নিজে। প্রকাশ করছেন তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

গানটি টুটুল উৎসর্গ করেছেন দেশের শীর্ষ ড্রামার ও নগর বাউল ব্যান্ডের সদস্য এহসান এলাহী ফান্টিকে তার সেসব ভক্তদের, যারা ভীষণ একা। টুটুলের পাশাপাশি গীতিকার লিটন ঘোষ জয় তার গীতিকথা উৎসর্গ করেছেন, নন্দিত অভিনেত্রী তানিয়া আহমেদকে।

এস আই টুটুলের কথায়, ‘চার দেয়ালে বন্দি’ তার অন্যান্য গানগুলো থেকে একটু অন্যরকম। যে ধরনের গান তাঁর পছন্দের তালিকায় সব সময় ছিল, সেসব গানের আদলে এটি তৈরি করা হয়েছে। তাই এই গানের ভিউ নিয়ে খুব একটা ভাবছেন না। স্বল্পসংখ্যক শ্রোতাও যদি গানটি পছন্দ করেন, তাহলেই এই প্রচেষ্টা সার্থক বলে মনে করবেন।

একই সঙ্গে টুটুল অনুরোধ করেছেন, এ আয়োজন যাদের উৎসর্গ করা হয়েছে, গানের সঙ্গে কেউ যেন তাদের জীবনের কোনো মিল খুঁজতে না যান। কারণ সেই মানুষগুলো তার খুবই প্রিয় এবং তাদের সঙ্গে দীর্ঘ পথচলায় হৃদয়ে জমা হয়েছে অগণিত সুখস্মৃতি। তাই এই ক্ষুদ্র সৃষ্টি উজ্জ্বল নক্ষত্রের মতো সেই মানুষদের উৎসর্গের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এস আই টুটুল। যে কারণে শ্রোতারা অনেক দিন এই তারকাশিল্পীর নতুন কোনো গান শোনার সুযোগ পাননি। তবে বিদেশ-বিভুঁইয়ে থেকে ভক্তদের কথা ভুলে যাননি টুটুল। যে কারণে নতুন করে গানের ভুবনে সরব হয়ে উঠেছেন।

গত ঈদে প্রকাশ করেছেন ‘বন্ধু কেউ নয়’ ও ‘তুমি কৃষক ভালো না’ শিরোনামে দুটি একক গান। এর মধ্যে ‘বন্ধু কেউ নয়’ গানটি টুটুল উৎসর্গ করেছেন তাঁর প্রিয় শিক্ষক ও সংগীতগুরু, রক আইকন আইয়ুব বাচ্চুকে।

আরও পড়ুন

×