ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইয়ালিনার খোলস ছেড়ে কিংবদন্তি মধুবালার চরিত্রে সারা

ইয়ালিনার খোলস ছেড়ে কিংবদন্তি মধুবালার চরিত্রে সারা
×

সারা অর্জুন। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৩:২৫

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প এবার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন নন্দিত নির্মাতা প্রযোজক সঞ্জয় লীলা বানসালি। বেশ কিছুদিন আগে নির্মাতার পক্ষ থেকে এই ঘোষণা আসে। সেই ঘোষণার পাশাপাশি নির্মাতার পক্ষ থেকে এও জানা গিয়েছিল যে, পর্দায় মধুবালার চরিত্রটি তুলে ধরতে যাচ্ছেন তরুণ অভিনেত্রী অনীত পাড্ডা।

‘সাইয়ারা’ সিনেমায় অনিন্দ্য অভিনয় দিয়ে অনীত অল্প সময়ে কোটি দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছেন। সেই সুবাদে বানসালির নজরে পড়েছেন অনীত। সে কারণে তাঁর সিনেমায় মধুবালা চরিত্রের জন্য অনীতের কথা ভাবছেন। কিন্তু হঠাৎ এবার বদলে গেল অভিনেত্রীর নাম। অনীত নয়, বানসালি এখন মধুবালা চরিত্রের জন্য সারা অর্জুনকে নিয়ে ভাবা শুরু করেছেন।

সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। সিনেমাপ্রেমীদের পাশাপাশি নির্মাতাদের মাঝেও তাঁকে নিয়ে চলেছে নানা আলোচনা। একের পর এক নির্মাতার নতুন কাজের প্রস্তাব আসছে এই সারার কাছে। যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাবটি এসেছে পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালির কাছ থেকে। সেই সুবাদে ‘ধুরন্ধর-২’ সিনেমার ইয়ালিনার খোলস ছেড়ে পর্দায় সারা অর্জুনের এবার কিংবদন্তি অভিনেত্রী মধুবালা হওয়ার পালা।

সারা অর্জুন। ছবি: ফেসবুক

নির্মাতাসূত্র জানিয়েছে, সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা ও জ্যাসমিত কে রিনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী সারা। তাঁকে নিয়ে হিন্দি সিনেমার স্বর্ণযুগকে তুলে ধরা হবে সঞ্জয়ের সিনেমায়। যেখানে তুলে আনা হবে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার অভিনয় ক্যারিয়ার ও চাকচিক্যের আড়ালে থাকা যন্ত্রণাকে। এটুকু তথ্য ছাড়া সিনেমা প্রসঙ্গে আর কোনো কথাই বলছেন না পরিচালক ও প্রযোজক। রীতিমতো মুখে কুলুপ এঁটে আছেন তারা।

এরপরও বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিনেত্রী সারা অর্জুন এরই মধ্যে ‘মধুবালা’ চরিত্রে অভিনয়ের জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। মধুবালার সৌন্দর্য, গ্ল্যামার, পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জা থেকে শুরু করে বাচনভঙ্গির প্রশিক্ষণ এবং ‘লুক টেস্ট’-এর মতো প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর বিশেষ নজর দিচ্ছেন। এখন শুধু অপেক্ষা সারাকে কিংবদন্তি মধুবালারূপে দেখার।

আরও পড়ুন

×