মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে হৈমন্তী শুক্লা
হৈমন্তী শুক্লা। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৪:২৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ১৪:৪৩
লতা মঙ্গেশকরের পর তাঁর বোন আশার এই চলে যাওয়া যেন ভারতীয় সংগীত ইতিহাসের একটি স্বর্ণযুগের সমাপ্তি। ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রপতন। সুরের মায়া কাটিয়ে চিরনিদ্রায় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণের খবরে স্তব্ধ গোটা দেশ। লতা মঙ্গেশকরের পর তাঁর বোন আশার এই চলে যাওয়া যেন ভারতীয় সংগীত ইতিহাসের একটি স্বর্ণযুগের সমাপ্তি। এই শোক সংবাদে ভেঙে পড়েছেন বাংলা তথা ভারতের প্রবীণ সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা।
আশা ভোঁসলের প্রয়াণে নিজের শোকবার্তা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হৈমন্তী শুক্লা। তিনি বলেন, ‘ভাবতেই পারছি না আশাদি আর নেই। এই তো সেদিন বিদেশ থেকে অনুষ্ঠান করে এলেন। জানি বয়সটা বড় ফ্যাক্টর। তবুও... লতাদির চলে যাওয়ার পর আশাদি-ই ছিলেন আমাদের সবার মাথার ওপর একটা বড় ভরসা। আজ মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল।’
দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে কয়েক হাজার গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে। ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর গাওয়া ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, বা বাংলা গান ‘আজ এই দিনটাকে’ আজও সমানভাবে জনপ্রিয়। তথ্য সূত্র :আনন্দবাজার।
- বিষয় :
- আশা ভোঁসলে
- লতা মঙ্গেশকর
