ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘রইদে আইলা গা জুড়াইতে’ গান দিয়ে শুরু হচ্ছে ‘রইদ’-এর ঈদযাত্রা

‘রইদে আইলা গা জুড়াইতে’ গান দিয়ে শুরু হচ্ছে ‘রইদ’-এর ঈদযাত্রা
×

‘রইদ’ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন ও অভিনেত্রী নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৫৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৪:০০

আন্তর্জাতিক মঞ্চ ঘুরে দেশের প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমা হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর নিকেতনস্থ ফেসকার্ড প্রোডাকশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে সিনেমার একটি গানের প্রকাশের ঘোষণা করা হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে সিনেমাটি মুক্তির তারিখ জানান নির্মাতা।

আজ ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামে গানটি মুক্তি দেওয়া হবে। গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনা, চূড়ান্ত প্রযোজনা এবং মিক্স ও মাস্টারিংয়ের মতো গুরুত্বপূর্ণ কারিগরি কাজগুলো অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করেছেন রাশীদ শরীফ শোয়েব। সার্বিক অডিও প্রোডাকশন এবং শব্দবিন্যাসের দায়িত্বে ছিল অডিও প্রতিষ্ঠান ‘স্টুডিও কাউবেল’।

চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ সিনেমাটি মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। ঈদুল আযহায় সিনেমাটির সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে। গানের সুরের মতোই ‘রইদ’-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।”

গানটির গায়ক, সুরকার ও গীতিকার রাজীব আহমেদ রাজু বলেন, ‘এই গানটি তৈরির অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন; কারণ এর নামটা আগে পেয়েছি, গান তৈরি হয়েছে পরে। পরিচালক মেজবাউর রহমান সুমন আমাকে কোনো গতানুগতিক গল্প বলেননি, বরং এই সিনেমার পেছনের তার গভীর চিন্তা ও অনুভূতিগুলো শেয়ার করেছিলেন, যা থেকে প্রায় দুই বছর আগে গানটির জন্ম।’

অভিনেত্রী নাজিফা তুষি গানটি সম্পর্কে বলেন, ‘‘রইদ’-এর প্রথম গান মুক্তি পাওয়া নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। কোভিডের আগে থেকে আইডিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত দীর্ঘ এক বছরের প্রস্তুতি—সবই আমার চোখের সামনে ঘটেছে। বিশেষ করে সিলেটে শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ লোকেশন বা বাড়ি তৈরি হওয়ার প্রতিটি ধাপ আমি প্রত্যক্ষ করেছি। পাগলি চরিত্রে অভিনয় করার সুবাদে এই যাত্রায় গ্রামবাসীও আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। এতদিন যে আবেগ আমরা লালন করেছি, এখন তা দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে; এই প্রাপ্তির অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।’

উল্লেখ্য, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছিল ‘রইদ’। 

দেশের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ এবং ফেসকার্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছেটি ‘রইদ’। আগামী ঈদুল আজহার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন

×