ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শ্রদ্ধা, কে কে এলেন বাসভবনে

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শ্রদ্ধা, কে কে এলেন বাসভবনে
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৫:৩৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৬:০৮

ভারতজুড়ে শোকের ছায়া। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষযাত্রার আগে তার বাসভবনে ভিড় জমালেন স্বজন, অনুরাগী ও তারকারা। সোমবার ‘কাসা গ্র্যান্ডে’ আবাসনে রাখা হয় তার মরদেহ, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এই দিন তাঁর শায়িত দেহে জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয়। আশা ভোঁসলের শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে মুম্বাই। শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

আজ দুপুর পর্যন্ত সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।

বলিউড থেকেও একাধিক তারকার আগমন ঘটে। অভিনেতা রিতেশ দেশমুখ, অভিনেত্রী তবুসহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। সপরিবারে শ্রদ্ধা জানান কিংবদন্তি ক্রিকেটার সচীন টেন্ডুলকার। পরিবারের সদস্যরাও এদিন শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানান।

এছাড়া শাবানা আজমি, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশসহ বহু তারকা শ্রদ্ধা জানান। হুইলচেয়ারে করে এসে শেষবারের মতো বোনকে বিদায় জানান তার বোন মীনা মঙ্গেশকর। সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালকেও দেখা যায় আবেগাপ্লুত হতে।

সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শাহরুখ খান, আলিয়া ভাট, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকে।

বিকেল ৪টায় শিবাজী পার্কে সম্পন্ন হওয়ার কথা তার শেষকৃত্য।

এর আগে শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। তাকে ভর্তি করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য ভাষায় গান গেয়ে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণ-এর মতো সম্মান। ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×