‘খুঁড়িয়ে হাঁটছি তাতে কি? স্বপ্ন তো খুঁড়িয়ে হাঁটে না’
আফজাল হোসেন। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৩:৫০
নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তিনি নির্মাতা, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত। প্রায় সময়ই তার লেখায় উঠে আসে সমাজ, সংস্কৃতি ও মানুষের ভেতরের গল্প। এবার তিনি স্মরণ করলেন তাঁর সহযোদ্ধা, সহকর্মী ও নাট্যজীবনের পথচলার মানুষদের।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করে লেখেন, ‘এই ছবিটা একাত্তর সনের। সামনে যাকে দেখা যাচ্ছে, তিনি অসীম সাহসী একজন গেরিলা কমান্ডার। দেশের বহু মানুষের কাছে তিনি অতি সম্মানীয়। তিনি সম্মানীয় যুদ্ধকালে এবং পরবর্ত্তী অর্ধশত বছরেরও বেশী সময় ধরে দেশের সামাজিক, সাংষ্কৃতিক অঙ্গনে তাঁর অসাধারণ অবদানের জন্য।’
তিনি আরও লেখেন, ‘যারা তাঁকে দূর এবং কাছে থেকে চেনেন জানেন, তাঁরা বিশ্বাস করেন, এই মানুষটা অত্যন্ত সমাজ সচেতন, মেধাবী ও বিস্ময়কর রকমের সৃজনশীল। যুদ্ধের শেষে তিনি ভেবেছিলেন, বড় একটা যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে। সদ্য স্বাধীন হওয়া দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যেমন মানুষের দরকার, তিনি তেমন হৃদয় তৈরির অক্লান্ত চেষ্টায় নেমে পড়েন।’
নাট্যচর্চার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন ঢাকা থিয়েটার-এর কথা। তিনি লেখেন, ‘দেশ এবং জীবন গড়তে তিনি প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। তাঁর দর্শন ও বিশ্বাস, থিয়েটারের গভীরতা, আধুনিকতা দিয়ে মানুষ আলোকিত হবে। নিজের মনে আলো জমাতে পারলে, সেইসব মানুষের গুনগত মান দিয়ে দেশের মুখ উজ্জ্বল হবে—এই দৃঢ় বিশ্বাসে তিনি জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস থিয়েটারে নিবেদন করেন।’
সত্তরের দশকের নাট্যচর্চা নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সত্তর দশকের মাঝামাঝি সময়ে আমরা যারা বিভিন্ন দলের নামে থিয়েটার করা শুরু করেছি, তারা প্রত্যেকেই দেশ, সংস্কৃতি ভালোবাসা মানুষ। যারা অর্থ বিত্ত, প্রতিপত্তি ইত্যাদির ধার না ধেরে, কোনো বিশেষ প্রাপ্তির আশা না করে থিয়েটারে, সংষ্কৃতির চর্চা ও অনুশীলনে মন প্রাণ ঢেলে দিয়েছি।’
সহকর্মীদের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমরা কারা, নামগুলো বললে বোঝা সম্ভব হবে, দীর্ঘ সময় ধরে দেশ, মানুষ ও সংস্কৃতির জন্য এ মানুষগুলোর ভূমিকা কেমন ছিল।’ এরপর তিনি স্মরণ করেন সেলিম আল দীন, রাইসুল ইসলাম আসাদ, হুমায়ূন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, শিমুল ইউসুফ, জামিল আহমেদ, ফারুক আহমেদ-সহ আরও অনেকের নাম।
সবশেষে তিনি তুলে ধরেন নাট্যদলের নেতৃত্বের কথা। তিনি লেখেন, ‘সবাইকে একসাথে, একত্রিত করে, ঢাকা থিয়েটার আর সে দলের কান্ডারি নাসিরউদ্দিন ইউসুফ। যিনি আমাদের সকলের বাচ্চু ভাই।’
তার লেখার শেষাংশে উঠে আসে সংগ্রাম, বিশ্বাস ও স্বপ্নের কথা—‘মানুষের জন্ম স্বপ্ন দেখা আর লড়াই করার জন্য। আমি খুঁড়িয়ে হাঁটছি তাতে কি? কারো স্বপ্ন খুঁড়িয়ে হাঁটে না, আর যারা দেশের জন্য যুদ্ধ করেছে, তারা কেউই মরার আগে মরে যায় না।’
- বিষয় :
- আফজাল হোসেন
- নাটক
