তরুণের কণ্ঠে লাকী আখান্দের অসমাপ্ত গান
লাকী আখান্দ ও তরুণ মুন্সী।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ১৩:৫৮
তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশ পেল নন্দিত শিল্পী ও সংগীতস্রষ্ঠা লাকী আখান্দের অসমাপ্ত গান। শিরোনাম ‘যার কাছে মন রেখে’। ৩৪ বছর আগে গানটি লিখেছিলেন গীতিকবি গোলাম মোর্শেদ। গানে সুরও বসিয়েছিলেন লাকী আখান্দ। শেষমেশ গানটি আর রেকর্ড করা হয়ে ওঠেনি। অবশেষে তিন দশক পেরিয়ে গানটি পূর্ণতা পেল তরুণ মুন্সীর কণ্ঠে। ভিডিও আকারে প্রকাশ পেল সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন ।
এ আয়োজন নিয়ে শিল্পী তরুণ মুন্সী বলেন, ‘‘আমার সংগীতজীবনে এ এক অন্যরকম প্রাপ্তি; যার অনুভূতি বলে বোঝানো যাবে না। স্বপ্নেও ভাবিনি, লাকী আখান্দের মতো একজন কিংবদন্তির জন্য লেখা গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হবে। এ সবই সম্ভব হয়েছে বরেণ্য গীতিকবি গোলাম মোর্শেদের কারণে। হঠাৎ করেই তিনি একদিন ‘যার কাছে মন রেখে’ গানের পেছনের গল্পটা শোনান। আমি কৌতূহলী হয়ে উঠি এই গানের বিষয়ে। এরপর গীতিকথা পড়ে রীতিমতো মুগ্ধ হয়ে যাই। প্রস্তুতি নেওয়া শুরু করে গানটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার। লাকী আখান্দের কম্পোজিশন অক্ষুণ্ন রেখে নিজের মতো করে কণ্ঠ দেই এই গানে। এ আয়োজনের সূচনা তিন দশক আগে হলেও সমকালীন শ্রোতাদের প্রত্যাশাকে মাথায় রেখেই সংগীতায়োজন করা হয়েছে। কথা, সুর, সংগীত সব কিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।’’
গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘‘আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী আখান্দ। শুধু তাঁকে ভেবেই অনেক গান লেখা। ‘যার কাছে মন রেখে’ গানটি কথা পড়েই লাকী আখান্দ সুর করে ফেলেছিলেন। কিন্তু নানা কারণে গানটি আর গাওয়া হয়ে হয়ে ওঠেনি। সেই ১৯৯৮ সাল থেকে গানটি আমার কাছেই পড়েছিল। মাঝে লাকী আখান্দও আমাদের মাঝে থেকে চিরবিদায় নিয়েছেন। তাই অমর এই শিল্পী ও সুরকারকে শ্রদ্ধা জানাতে তাঁর অসমাপ্ত গানটি তরুণ মুন্সীকে দিয়ে গাওয়ানো। আমার বিশ্বাস, তরুণের গাওয়া এই গানটি অনেকের মনে ছাপ ফেলবে।’’
- বিষয় :
- লাকী আখান্দ
- নতুন গান
