ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাপ্পা মজুমদারের নতুন গানে পার্থ-আইশা

বাপ্পা মজুমদারের নতুন গানে পার্থ-আইশা
×

বাপ্পা মজুমদার, পার্থ শেখ ও আইশা খান।

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৩:৪১

আরেকটি দ্বৈত গান প্রকাশ করেলেন নন্দিত কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। তাঁর সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা বীথি। শিরোনাম ‘কোথায় যেন’। এর কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজে। সন্ধ্যা রানী সাহার প্রযোজনায় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ ইসলাম।

ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন ছোট পর্দার আলোচিত দুই তারকা পার্থ শেখ ও আইশা খান। সম্প্রতি শিল্পী বীথির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাপ্পা মজুমদারের কথায়, এ সময়ের অন্যান্য দ্বৈত গানগুলো থেকে ‘কোথায় যেন’ কিছুটা ভিন্ন ধাঁচের। স্বকীয়তা ধরে রেখেই গানটি তৈরি করা। বীথির পাশাপাশি তিনি নিজেও চেষ্টা করেছেন গানে সেরা গায়কি তুলে ধরার।

ভিডিওতে আছে নান্দনিকতার ছাপ। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এই শিল্পী ও সুরকার। বাপ্পার পাশাপাশি শিল্পী বীথিও এ আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে বাপ্পা মজুমদার ব্যস্ত সময় পার করছেন একক গানের পাশাপাশি তাঁর ব্যান্ড দলছুটের নতুন গানের আয়োজন নিয়ে। কিছুদিন আগে শিল্পী টিনা রাসেলের সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘তুমি বললেই’ নিয়ে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন তিনি।

জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজে। তাঁর আগে এই শিল্পী ও সুরকার সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন ‘এই ব্যথা’ শিরোনামে একক গান প্রকাশ করে। মাহি ফ্লোরার লেখা এই গানের সুর করেছেন এহসান রাহি। সংগীতায়োজনে ছিলেন আমজাদ হোসেন।

আরও পড়ুন

×